শুভেন্দুর ঘরে কুণালরা, বাংলার রাজনীতিতে কি এবার বড় চমক?

পশ্চিমবঙ্গ বিধানসভা অধিবেশনের প্রথম দিনে এক নজিরবিহীন রাজনৈতিক সৌজন্যের সাক্ষী থাকল রাজ্য রাজনীতি। দীর্ঘদিনের রাজনৈতিক তিক্ততা সরিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কক্ষে গিয়ে আলোচনায় বসলেন তৃণমূলের পাঁচ বিধায়ক—কুণাল ঘোষ, শোভনদেব চট্টোপাধ্যায়, মদন মিত্র, অশোক দেব এবং রহিম বক্সি। বেলগাছিয়ার প্রাক্তন মেয়র পারিষদ স্বপন সমাদ্দারের গ্রেফতারি, তৃণমূল কর্মীদের ওপর পুলিশি হেনস্থা বন্ধের দাবি এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পুরনো নিরাপত্তা টিম ফিরিয়ে দেওয়ার আর্জি নিয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৈঠককালে তৃণমূলের প্রতিনিধি দলটি মূলত তিনটি প্রধান দাবি উত্থাপন করেন। এর মধ্যে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুরনো নিরাপত্তা টিম পুনর্বহাল করা, তৃণমূল নেতাকর্মীদের বিরুদ্ধে অমূলক রাজনৈতিক মামলা ও হামলা বন্ধ করা এবং যথাযথ পুনর্বাসনের ব্যবস্থা না করে হকার উচ্ছেদ না করা। উভয় পক্ষের আলোচনায় কিছু জরুরি পরিষদীয় বিষয়ও উঠে এসেছে। বিধায়করা জানিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি অনুগত থেকেই রাজ্য ও মানুষের স্বার্থে তাঁরা এই আলোচনায় অংশ নিয়েছেন। এই বৈঠকের পর রাজ্যের রাজনৈতিক পরিস্থিতিতে কোনো বড় পরিবর্তন আসে কি না, সেদিকেই এখন নজর রয়েছে সব মহলের।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *