মুখ্যমন্ত্রীর বাড়ির কাছে সিআইডি হানা, কীসের ইঙ্গিত?
তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্যের মামলার তদন্তে এবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বোন রিনা গায়েনের (ওরফে নান্টি) বাড়িতে অভিযান চালাল রাজ্য গোয়েন্দা সংস্থা সিআইডি। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবন থেকে মাত্র ২৫০ মিটার দূরে অবস্থিত রিনা গায়েনের বাড়িতে আজ দুপুর দুটোর সময় গোয়েন্দা আধিকারিকরা পৌঁছান এবং প্রায় এক ঘণ্টা ধরে সেখানে তল্লাশি চালান। যদিও সরকারিভাবে এই অভিযানের কারণ স্পষ্ট করা হয়নি, তবে নির্বাচনী প্রচারকালে অভিষেকের করা মন্তব্যের মামলার তদন্তের সূত্র ধরেই গোয়েন্দারা এই পদক্ষেপ নিয়েছেন বলে মনে করা হচ্ছে।
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্তের অংশ হিসেবে গত মঙ্গলবারই তাঁকে ভবানী ভবনে টানা সাড়ে ছয় ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেছে সিআইডি। তদন্তের অংশ হিসেবে রিনা গায়েনের মেয়ের রাজনৈতিক ও সোশ্যাল মিডিয়া সক্রিয়তা নিয়েও খোঁজখবর নেওয়া হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রের দাবি। শাসক দলের শীর্ষ নেতৃত্বের ঘনিষ্ঠ আত্মীয়ের বাড়িতে এই তল্লাশি নিয়ে রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।