অমানবিক বর্বরতা! গৃহবধূর গোপনাঙ্গ থেকে উদ্ধার লাইভ বুলেট ও পাথর!
বিহারের বেগুসরাইয়ের চাকিয়া থানা এলাকায় এক গৃহবধূকে গণধর্ষণ ও অমানুষিক নির্যাতনের ঘটনা প্রকাশ্যে এসেছে। গত ১১ জুন রাতে পাঁচজন দুষ্কৃতী জোরপূর্বক ওই গৃহবধূর বাড়িতে ঢুকে তাঁর স্বামীকে আটকে রাখে এবং তাঁকে নির্জন স্থানে নিয়ে গিয়ে গণধর্ষণ করে। নির্যাতিতার অভিযোগ, চিৎকার করায় অপরাধীরা ব্লেড দিয়ে তাঁর বুক ও উরু ক্ষতবিক্ষত করে দেয়। এরপর শারীরিক যন্ত্রণায় হাসপাতালে ভর্তি হলে চিকিৎসকরা পরীক্ষা করে তাঁর শরীরের অভ্যন্তরীণ অংশ থেকে একটি তাজা কার্তুজ, পাথর ও কাঠের টুকরো উদ্ধার করেন। বর্তমানে নির্যাতিতা চিকিৎসাধীন রয়েছেন।
নির্যাতিতার দাবি, তিন মাস আগেও ওই দুষ্কৃতীরা তাঁর বাড়িতে লুটপাট ও যৌন হেনস্থার চেষ্টা করেছিল, কিন্তু অভিযোগ জানিয়েও পুলিশের কাছ থেকে কোনো সহায়তা পাওয়া যায়নি। প্রশাসনিক উদাসীনতার কারণেই অপরাধীরা এমন নৃশংস ঘটনা ঘটানোর সাহস পেয়েছে বলে অভিযোগ উঠেছে। ঘটনার পর স্থানীয় ডিএসপি জানিয়েছেন, মহিলার অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে এবং মূল অভিযুক্তদের গ্রেপ্তারে তল্লাশি চালানো হচ্ছে। একই সঙ্গে আগের ঘটনার ক্ষেত্রে পুলিশি গাফিলতি প্রমাণিত হলে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে প্রশাসন।