অর্থনীতির দৌড়ে বড় ধাক্কা খেল ভারত!
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, বিশ্বের শীর্ষ অর্থনীতির তালিকায় এক ধাপ পিছিয়ে ষষ্ঠ অবস্থানে নেমেছে ভারত। দীর্ঘদিন ধরে পঞ্চম বৃহত্তম অর্থনীতির স্থান ধরে রাখলেও মুদ্রার বিনিময় হারের ওঠানামার কারণে ভারতকে এই অবস্থানে নেমে আসতে হয়েছে।
এই পতনের মূল কারণ হিসেবে ডলারের বিপরীতে ভারতীয় রুপির রেকর্ড দরপতনকে চিহ্নিত করা হয়েছে। আন্তর্জাতিক বাজারে ডলারের বিপরীতে রুপির মান ৮৫ থেকে বেড়ে ৯২ অতিক্রম করায় ডলারের হিসাবে ভারতের জিডিপির আকার সংকুচিত হয়েছে। তবে বিশ্লেষকদের মতে, এটি কোনো অর্থনৈতিক মন্দা নয়, বরং গাণিতিক ও মুদ্রাগত প্রভাব। বর্তমানে ভারতের জিডিপি প্রবৃদ্ধির হার ৬ থেকে ৭ শতাংশের মধ্যে রয়েছে এবং অভ্যন্তরীণ বাজারের শক্তি ও বিনিয়োগ প্রবাহের ওপর ভিত্তি করে ২০২৭ সালের মধ্যে দেশটি পুনরায় চতুর্থ বৃহত্তম অর্থনীতির তালিকায় ফিরে আসবে বলে আশা করা হচ্ছে।