বাড়িতে একা পেয়ে নাবালিকাকে ধর্ষণের চেষ্টা, ক্ষুব্ধ জনতার তাণ্ডবে রণক্ষেত্র এলাকা!
মধ্যপ্রদেশের নীমচ জেলার মানসা থানা এলাকার পর্দা গ্রামে ১৩ বছরের এক নাবালিকাকে শ্লীলতাহানি ও নিগ্রহের চেষ্টার ঘটনায় ব্যাপক উত্তজনা সৃষ্টি হয়েছে। গত ১ এপ্রিল রাতে বাড়িতে একা থাকার সুযোগ নিয়ে ৫৫ বছর বয়সি আব্দুল রহমান নামে এক ব্যক্তি নাবালিকার ঘরে প্রবেশ করে নিগ্রহের চেষ্টা চালায়। নাবালিকা চিৎকার শুরু করলে অভিযুক্ত তাকে হুমকি দিয়ে পালিয়ে যায়। এই ঘটনা জানাজানি হওয়ার পর এলাকায় সাম্প্রদায়িক উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং বিচার চেয়ে ক্ষুব্ধ গ্রামবাসীরা রাস্তায় নেমে বিক্ষোভ প্রদর্শন করেন।
পরদিন সকালে গ্রামবাসীদের অবরোধ ও বিক্ষোভের জেরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে ভিড় ছত্রভঙ্গ করে। বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে প্রশাসন এ পর্যন্ত ৪-৫ জনকে আটক করেছে। অভিযুক্ত আব্দুল রহমানকে ইতোমধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ এবং নিগৃহীতার বয়ানের ভিত্তিতে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার নবল সিং সিসোদিয়া জানিয়েছেন, বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। ভিডিও ফুটেজ দেখে বিশৃঙ্খলাকারীদের শনাক্ত করার কাজ চলছে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে প্রশাসন কঠোর নজরদারি চালাচ্ছে।