শেয়ারবাজারে জিয়োর ধামাকা, মুকেশ আম্বানির ঘোষণায় শোরগোল!
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে শেয়ারবাজারে তালিকাভুক্ত হতে চলেছে রিলায়েন্স জিয়ো। শুক্রবার রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের বার্ষিক সাধারণ সভায় (এজিএম) সংস্থার চেয়ারম্যান মুকেশ আম্বানি এই ঘোষণা করেছেন। তিনি জানিয়েছেন, জিয়ো প্ল্যাটফর্মসের ড্রাফ্ট রেড হেরিং প্রসপেক্টাস (ডিআরএইচপি) বোর্ডে অনুমোদিত হয়েছে এবং এরই মধ্যে তা ভারতীয় শেয়ার বাজারের নিয়ন্ত্রক সংস্থা সেবির (SEBI) কাছে জমা দেওয়া হয়েছে।
আগের বছরের বার্ষিক সভায় দেওয়া প্রতিশ্রুতি মেনেই ২০২৬ সালের প্রথমার্ধে জিয়োকে শেয়ারবাজারে আনার লক্ষ্যমাত্রা নিয়ে এগিয়েছে রিলায়েন্স। দেশের বৃহত্তম টেলিকম সংস্থা হিসেবে তো বটেই, পাশাপাশি ক্লাউড, ডিজিটাল সলিউশন ও কৃত্রিম বুদ্ধিমত্তার মতো অগ্রসর প্রযুক্তিতে জিয়োর শক্তিশালী অবস্থানের কারণে এই আইপিও-কে বাজারের অন্যতম বড় ঘটনা হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। কোটি কোটি গ্রাহক ও শক্তিশালী ডিজিটাল ভিত্তির কারণে এই আইপিও বাজারে ব্যাপক আলোড়ন সৃষ্টি করবে বলে ধারণা করা হচ্ছে, যা মূলধনী বাজারে মূলধন প্রবাহ বাড়ানোর পাশাপাশি শেয়ারবাজারের সূচকেও ইতিবাচক প্রভাব ফেলতে পারে।