বঙ্গ সফরে মোদী, যোগ দিবসের সঙ্গেই হাজার কোটির উপহার পেল রাজ্য!
আগামীকাল ও পরশু দু’দিনের বিশেষ সফরে পশ্চিমবঙ্গে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই সফরে তিনি আন্তর্জাতিক যোগ দিবসের মূল অনুষ্ঠানে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি রাজ্যের কৃষি, গ্রামীণ অর্থনীতি এবং রেল পরিকাঠামো উন্নয়নে কোটি কোটি টাকার একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। ২০ জুন হুগলির তারকেশ্বরে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ৪৫ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ‘প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি’-র প্রায় ৯০০ কোটি টাকা হস্তান্তর করবেন। এছাড়াও ‘প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা’, ডিজিটাল প্ল্যাটফর্ম ‘অ্যাগ্রিস্ট্যাক’, প্রাকৃতিক চাষের জাতীয় মিশন এবং ‘প্রধানমন্ত্রী ধান-ধান্য কৃষি যোজনা’র মতো প্রকল্পগুলোর সূচনা করবেন তিনি।
পরিবহণ ও পরিকাঠামো উন্নয়নে হাওড়ায় ৫৯০ কোটি টাকা ব্যয়ে রেল করিডোর ও অত্যাধুনিক হাসপাতালের পাশাপাশি, ফ্রেজারগঞ্জে মৎস্য বন্দর, হরিণঘাটায় আঞ্চলিক ল্যাবরেটরি এবং ৩১৫ কিলোমিটারেরও বেশি গ্রামীণ সড়কের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। ২১ জুন সকালে কলকাতার রেড রোডে আয়োজিত দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসের মূল অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। সফর শেষে প্রধানমন্ত্রী কলকাতার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দর থেকে দেশীয় প্রযুক্তিতে তৈরি আইএনএস দুনগিরি এবং আইএনএস সংশোধক-সহ নৌবাহিনীর তিনটি নতুন যুদ্ধজাহাজ দেশবাসীর উদ্দেশে উৎসর্গ করবেন।