আপনার কুকুর অদ্ভুতভাবে হাই তোলে কেন? জেনে নিন এর পেছনের অবাক করা কারণ!
সাধারণত কুকুর হাই তুললে আমরা মনে করি সে ক্লান্ত বা তার ঘুম পেয়েছে, কিন্তু পশু বিশেষজ্ঞদের মতে এই আচরণের পেছনে গভীর ও বৈচিত্র্যময় কারণ রয়েছে। নতুন এক গবেষণায় দেখা গেছে, কুকুর কেবল শারীরিক ক্লান্তি থেকেই নয়, বরং মানসিক চাপ কমানো, যোগাযোগ স্থাপন বা মালিকের প্রতি সহমর্মিতা প্রকাশের অংশ হিসেবেও হাই তুলে থাকে। চিকিৎসক ডক্টর শ্যানন ব্যারেটের তথ্যমতে, কুকুর যখন নতুন কোনো পরিবেশ বা প্রশিক্ষণে অস্বস্তি বোধ করে, তখন তারা ‘সেলফ সুদিং মেকানিজম’ হিসেবে হাই তুলে নিজের স্নায়ুর চাপ প্রশমিত করার চেষ্টা করে।
সামাজিক যোগাযোগের ক্ষেত্রেও হাই তোলার বিশেষ ভূমিকা রয়েছে। কুকুর অনেক সময় কোনো সংঘর্ষ এড়াতে বা সামাজিক উত্তেজনা কমাতে এই কৌশল ব্যবহার করে। মালিকের প্রতি গভীর ভালোবাসা থাকলে মানুষ হাই তুললে কুকুরও প্রায়ই তা অনুসরণ করে। এছাড়া পছন্দের খাবার পাওয়া বা ঘুরতে যাওয়ার মতো আনন্দদায়ক মুহূর্তেও তারা উত্তেজনার বহিঃপ্রকাশ হিসেবে হাই তোলে। তবে যদি খুব অল্প সময়ে কুকুর বারবার হাই তোলে এবং এর সঙ্গে পায়চারি করা, ঠোঁট চাটা বা কান পেছনের দিকে নামিয়ে রাখার মতো অস্থির আচরণ দেখা যায়, তবে সেটি তাদের শারীরিক ব্যথা বা গুরুতর যন্ত্রণার লক্ষণ হতে পারে। এমন পরিস্থিতিতে দ্রুত পশু চিকিৎসকের পরামর্শ নেওয়া আবশ্যক।