ডুরান্ড লাইন পেরিয়ে পাকিস্তানের ঘরে আফগান ড্রোন, গুঁড়িয়ে গেল আইএস ঘাঁটি!

দীর্ঘদিন ধরে চলা সীমান্ত উত্তেজনার আবহে পাকিস্তানের ভূখণ্ডে ড্রোন হামলা চালিয়েছে আফগানিস্তানের তালিবান বাহিনী। বিতর্কিত ডুরান্ড লাইন অতিক্রম করে পাকিস্তানের খাইবার পাখতুখোয়া ও বালোচিস্তানের বিভিন্ন এলাকায় এই অভিযান চালানো হয়। আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, এ অভিযানে ওই অঞ্চলে সক্রিয় জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট খোরাসান প্রোভিন্সের (ISIS-K) একাধিক ঘাঁটি ধ্বংস করা হয়েছে। গত সপ্তাহে আফগানিস্তানের খোস্ত, কুনার ও পাকতিকা অঞ্চলে পাকিস্তানি বিমান হামলার জবাবেই এই পাল্টা পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে তালিবান কর্তৃপক্ষ।

তালিবান সরকারের ভাষ্যমতে, পাকিস্তানের সীমান্ত সংলগ্ন এলাকায় অবস্থানরত আইএস জঙ্গিরা আফগানিস্তানের অভ্যন্তরে বড় ধরনের হামলার পরিকল্পনা করছিল। এ ছাড়া ৯ জুন রাতে পাকিস্তানের আকাশপথে হামলায় নারী ও শিশুসহ বহু সাধারণ মানুষের প্রাণহানির ঘটনার পরিপ্রেক্ষিতে আত্মরক্ষার্থে এই সামরিক পদক্ষেপ নেওয়া হয়েছে। এই ধারাবাহিক সংঘর্ষের ফলে ডুরান্ড লাইন সংলগ্ন অঞ্চলে মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। রাষ্ট্রসংঘের তথ্য অনুযায়ী, সংঘাতের কারণে এ পর্যন্ত ৯৪ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে এবং বহু অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। দুই দেশের পাল্টাপাল্টি এই হামলায় সীমান্ত অঞ্চলে নজিরবিহীন কূটনৈতিক ও সামরিক সংকট তৈরি হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *