আর জি কর কাণ্ডে বড় পদক্ষেপ, সিবিআই তলব প্রাক্তন সিপি বিনীত গোয়েলকে!
আর জি কর মেডিক্যাল কলেজে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার তদন্তে নতুন মোড় নিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। ঘটনার সময় প্রমাণ লোপাট ও প্রকৃত দোষীদের আড়াল করার অভিযোগে তৎকালীন ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়, তৎকালীন ডিসি নর্থ অভিষেক গুপ্তা এবং তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে তদন্তের আওতায় আনা হয়েছে। ইতিমধ্যে ইন্দিরা মুখোপাধ্যায় এবং অভিষেক গুপ্তাকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করেছেন সিবিআই আধিকারিকরা এবং আগামী সপ্তাহে বিনীত গোয়েলকে তলব করা হয়েছে।
হাই কোর্টের নির্দেশে গঠিত সিবিআইয়ের বিশেষ দল (SIT) এখন খতিয়ে দেখছে, ঘটনার রাতে তৎকালীন সরকারের শীর্ষ স্তর থেকে ওই পুলিশ কর্মকর্তাদের কোনো বিশেষ নির্দেশ দেওয়া হয়েছিল কি না। এছাড়া, ঘটনার সময়কার ঘটনাক্রম স্পষ্ট করতে প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ এবং শ্মশানের ইনচার্জ ভোলানাথ পাত্রকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সংগৃহীত নথি এবং তিন আইপিএস আধিকারিকের বয়ান মিলিয়ে দেখে এই মামলার নেপথ্যে কোনো বৃহত্তর ষড়যন্ত্র রয়েছে কি না, তা যাচাই করছেন তদন্তকারীরা।