ওসি মনোরঞ্জনকে ঘিরে নতুন বিস্ফোরণ, কাটমানি থেকে হাওয়ালা—আদালতে কী জানাল ইডি?

কয়লা পাচার মামলায় আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের প্রাক্তন সাব-ইন্সপেক্টর তথা ওসি মনোরঞ্জন মণ্ডলকে গ্রেফতার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। তদন্তকারী সংস্থার দাবি, অভিযুক্ত পুলিশ কর্মকর্তা একটি সুসংগঠিত সিন্ডিকেটের সঙ্গে জড়িত থেকে পাচারের বিনিময়ে বিপুল পরিমাণ ‘গুন্ডা ট্যাক্স’ ও ‘কাটমানি’ আদায় করতেন। পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডভিত্তিক তিনটি সিন্ডিকেটের মাধ্যমে পরিচালিত এই চক্রে মনোরঞ্জন মণ্ডলের বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্ট ও তাঁর স্ত্রীর অ্যাকাউন্টের মাধ্যমে প্রায় সাত কোটি টাকার অবৈধ লেনদেনের তথ্য পাওয়া গেছে।

তদন্তকারীরা জানিয়েছেন, অভিযুক্তের মোবাইল ফোন থেকে উদ্ধার হওয়া হোয়াটসঅ্যাপ চ্যাট ও বিভিন্ন নথিতে হাওয়ালার মাধ্যমে অর্থ লেনদেনের প্রমাণ মিলেছে। চ্যাটে ২৫ ও ৫০ লক্ষ টাকা জমার হিসাবের পাশাপাশি টেন্ডার পাইয়ে দেওয়ার বিনিময়ে ১৫ শতাংশ কাটমানি আদায়ের তথ্য উঠে এসেছে। এছাড়া, প্রায় ১ কোটি ৩৫ লক্ষ টাকা হাওয়ালার মাধ্যমে দিল্লিতে পাঠানোর ইঙ্গিত পেয়েছে ইডি। আদালতে ইডির পক্ষ থেকে চেক, চ্যাটের স্ক্রিনশট ও ব্যাংক স্টেটমেন্টসহ অকাট্য নথি জমা দেওয়া হয়েছে। কয়লা পাচারের পাশাপাশি বালি পাচারসহ বিভিন্ন প্রাকৃতিক সম্পদ চুরির ঘটনায় নাম জড়ানোয় এই মামলার তদন্তের পরিধি আরও বাড়ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *