রাত পোহালেই দক্ষিণবঙ্গে প্রবল দুর্যোগ, চার জেলায় চরম সতর্কতা!
আগামীকাল থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। মৌসুমী বায়ু সক্রিয় হওয়ায় উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গেও দুর্যোগপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। বিশেষ করে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব বর্ধমান জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া কলকাতা ও সংলগ্ন জেলাগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত চলবে, যা আগামী শুক্রবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে।
এই লাগাতার বৃষ্টির ফলে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। তবে বৃষ্টির তীব্রতায় নিচু এলাকায় জল জমার আশঙ্কা রয়েছে এবং বজ্রপাতের সম্ভাবনা থাকায় সাধারণ মানুষকে নিরাপদ স্থানে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি, উত্তরবঙ্গের জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের জন্য লাল সতর্কতা এবং দার্জিলিং ও কালিম্পং জেলার জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে।