পর্দায় আসছে দ্রৌপদী মুর্মুর জীবনকাহিনি, প্রযোজনায় আমির খান!
ভারতের প্রথম আদিবাসী রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর বর্ণময় জীবনযাত্রা নিয়ে তৈরি হতে চলেছে তথ্যনাটক। বলিউড সুপারস্টার আমির খানের প্রযোজনা সংস্থা ‘আমির খান প্রোডাকশনস’-এর উদ্যোগে নির্মিতব্য এই প্রজেক্টের মাধ্যমে ওড়িশার এক প্রত্যন্ত গ্রাম থেকে দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে পৌঁছানোর অসামান্য সংগ্রামের গল্প দর্শকদের সামনে তুলে ধরা হবে।
চলচ্চিত্র নির্মাতা ও লেখক স্বাতী চক্রবর্তীর পরিচালনায় এই তথ্যনাটকের শুটিং ইতিমধ্যে শুরু হয়েছে। গল্পের বিশ্বাসযোগ্যতা বজায় রাখার লক্ষ্যে রাষ্ট্রপতির জন্মস্থান ওড়িশার গ্রামে চিত্রায়ণের কাজ সম্পন্ন হয়েছে এবং এতে স্থানীয় অভিনেতাদের যুক্ত করা হয়েছে। তথ্যনাটকটিতে দ্রৌপদী মুর্মুর ব্যক্তিগত জীবনের লড়াই, জনসেবামূলক কাজ এবং রাষ্ট্রপতি হিসেবে তাঁর নির্বাচিত হওয়ার ঐতিহাসিক মুহূর্তগুলো ফুটিয়ে তোলা হবে। সমাজকে প্রভাবিত করতে পারে এমন বাস্তব জীবনের লড়াইকে পর্দায় তুলে ধরার উদ্দেশেই এই প্রজেক্টটি নির্মাণ করছে আমির খান প্রোডাকশনস। এর আগে পরিচালক স্বাতী চক্রবর্তী আমির খানের প্রযোজনায় ‘রুবারু রশ্নী’ তথ্যচিত্রটি পরিচালনা করেছিলেন।