মধুচন্দ্রিমাতেই মারধর আর ছাদ থেকে ফেলার চেষ্টা! স্বামীর বিরুদ্ধে আইনি পথে দেবলীনা

দাম্পত্য কলহ ও অমানবিক নির্যাতনের জেরে স্বামী ও পাইলট প্রবাহ নন্দীর সঙ্গে বিবাহবিচ্ছেদের পথে হাঁটছেন সঙ্গীতশিল্পী দেবলীনা নন্দী। ২০২৪ সালের ডিসেম্বরে বিয়ের পর থেকেই স্বামীর মাত্রাতিরিক্ত মদ্যপান, মাদকাসক্তি এবং শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হওয়ার অভিযোগ তুলেছেন তিনি। এই পরিস্থিতিতে আইনি বিচ্ছেদের আবেদন জানিয়ে বারুইপুর আদালতে স্বামী ও শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন এই গায়িকা।

অভিযোগ অনুযায়ী, ২০২৫ সালের এপ্রিলে থাইল্যান্ডে মধুচন্দ্রিমার সময়ও দেবলীনাকে মারধর করা হয় এবং নিউটাউনের ফ্ল্যাটের ছয় তলার বারান্দা থেকে তাঁকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার চেষ্টা করেন তাঁর স্বামী। এছাড়া শ্বশুর-শাশুড়ির বিরুদ্ধে আপত্তিকর আচরণ ও তাঁর মায়ের শারীরিক বর্ণ নিয়ে কটূক্তির অভিযোগ তোলা হয়েছে। শারীরিক ও মানসিক নির্যাতনের জেরে এক পর্যায়ে গায়িকা আত্মহননের চেষ্টাও করেছিলেন। এই সংক্রান্ত অডিও ও ভিডিও ক্লিপ প্রমাণ হিসেবে আদালতে জমা দেওয়া হবে বলে জানিয়েছেন তাঁর আইনজীবীরা।

পেশায় পাইলট প্রবাহ নন্দী যাতে দেশত্যাগ করতে না পারেন, সেজন্য তাঁর পাসপোর্ট বাজেয়াপ্ত করার আবেদন জানিয়েছেন দেবলীনা। একইসঙ্গে, একজন নিয়মিত মাদকাসক্ত ব্যক্তির বিমান পরিচালনার মাধ্যমে যাত্রীদের জীবনের ঝুঁকি তৈরি হওয়ার বিষয়টি তুলে ধরে, তাঁকে বিমান চালানোর দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার জোরালো দাবি জানিয়েছেন সঙ্গীতশিল্পী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *