তারকেশ্বরে প্রধানমন্ত্রীর মেগা উপহার, রাজ্য পেল একাধিক নতুন প্রকল্প!

পশ্চিমবঙ্গ দিবস উদযাপন উপলক্ষে তারকেশ্বরে আয়োজিত এক সরকারি অনুষ্ঠানে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কৃষি, গ্রামীণ পরিকাঠামো এবং স্বাস্থ্যখাতে একগুচ্ছ নতুন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন। এই উদ্যোগের মাধ্যমে রাজ্যে কেন্দ্রীয় সরকারের উন্নয়নমূলক কর্মসূচিগুলির বাস্তবায়নকে ত্বরান্বিত করার বার্তা দেওয়া হয়েছে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী কিষাণ সম্মাননিধি প্রকল্পের ২৩তম কিস্তির অংশ হিসেবে সারা দেশের ৯.৪৪ কোটি উপভোক্তার অ্যাকাউন্টে ১৮,৮৮০ কোটি টাকা সরাসরি হস্তান্তর করেন। এছাড়া ডিজিটাল কৃষি মিশন, প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা এবং প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনা-৩ এর আওতায় ৩১৫ কিলোমিটার নতুন রাস্তা তৈরির প্রকল্পের সূচনা করা হয়।

পরিকাঠামো উন্নয়নের লক্ষ্যে ফ্রেজারগঞ্জে আধুনিক মৎস্য বন্দর, সাঁইথিয়ায় মৎস্য বাজার এবং হরিঘাটায় ছাগল প্রতিপালন ল্যাবরেটরি ও সিমেন ব্যাঙ্কের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। সেইসঙ্গে হাওড়ায় রেলের ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালের পাশাপাশি হাউর ও রাধামোহনপুরের মধ্যে ওভারব্রিজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। তারকেশ্বরের এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান শুভেন্দু অধিকারী; এ সময় তাঁকে বাংলার ঐতিহ্যবাহী মিষ্টি, শিবলিঙ্গ ও ডোকরার দুর্গামূর্তি উপহার দেওয়া হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *