মমতার হুঙ্কার, আয়কর দপ্তরকে কেন তোতা পাখি বললেন তিনি?

বাংলার ক্ষমতা দখলের লড়াইয়ে বিরোধী শিবির তৃণমূলের পোলিং এজেন্টদের লক্ষ্যবস্তু করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার বারুইপুরের জনসভা থেকে দলীয় কর্মীদের সতর্ক করে তিনি বলেন, প্রলোভন দেখিয়ে বা ষড়যন্ত্রের মাধ্যমে এজেন্টদের কাজ থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা হতে পারে। এ সময় তিনি কর্মীদের অপরিচিত কারো দেওয়া খাবার বা পানীয় গ্রহণ না করার পরামর্শ দিয়ে দাবি করেন, রাজনৈতিকভাবে ব্যর্থ হয়ে বিজেপি এখন অগণতান্ত্রিক পথ বেছে নিয়েছে।

নির্বাচনী আবহে কেন্দ্রীয় এজেন্সির অতিসক্রিয়তা নিয়েও এদিন সরব হন তৃণমূল নেত্রী। তৃণমূল প্রার্থী দেবাশিস কুমারের বাড়িতে আয়কর হানার প্রসঙ্গ টেনে তিনি আয়কর দপ্তরকে ‘মোদি সরকারের তোতা পাখি’ হিসেবে অভিহিত করেন। তাঁর অভিযোগ, ইডি ও সিবিআইকে ব্যবহার করে বিরোধীদের কণ্ঠরোধ করার চেষ্টা করছে বিজেপি। একইসঙ্গে তিনি নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে দাবি করেন, ভোটার তালিকা থেকে পরিকল্পিতভাবে ৩২ লক্ষ ভোটারের নাম বাদ দেওয়া হচ্ছে। এই পরিস্থিতি মোকাবিলায় দলীয় কর্মীদের শেষ মুহূর্ত পর্যন্ত সতর্ক থেকে লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান জানান মমতা বন্দ্যোপাধ্যায়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *