পাপের সাজা পাবে বিরোধীরা! মহিলা সংরক্ষণ বিল নিয়ে মোদীর হুংকার
লোকসভায় প্রয়োজনীয় দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় ‘নারী শক্তি অধিনিয়ম’ বা মহিলা সংরক্ষণ বিলটি আপাতত স্থগিত হয়ে গেছে। এই বিল পাস করতে ব্যর্থ হওয়ায় শনিবার রাতে জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে দেশবাসীর কাছে, বিশেষ করে দেশের নারী শক্তির কাছে ক্ষমা চেয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিলটি থমকে যাওয়ার জন্য বিরোধী দলগুলোর নেতিবাচক রাজনীতিকে দায়ী করে প্রধানমন্ত্রী জানান, কিছু রাজনৈতিক দলের বিরোধিতার কারণেই দেশের মহিলারা তাঁদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন।
সংসদীয় অচলাবস্থার জন্য কংগ্রেসসহ বিরোধী দলগুলোকে দায়ী করে প্রধানমন্ত্রী অভিযোগ তোলেন যে, ওবিসি ও সংখ্যালঘু মহিলাদের জন্য পৃথক উপ-সংরক্ষণের দাবিতে অনড় থেকে তারা এই সংস্কারমূলক পদক্ষেপে বাধা সৃষ্টি করেছে। তৃণমূল কংগ্রেস, ডিএমকে এবং সমাজবাদী পার্টির মতো রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে মা-বোনদের ধোঁকা দেওয়ার অভিযোগ এনে মোদী দাবি করেন, পরিবারতান্ত্রিক রাজনীতি অক্ষুণ্ণ রাখতেই এসব দল লোকসভা ও বিধানসভায় মহিলাদের ৩৩ শতাংশ আসন সংরক্ষণের এই উদ্যোগের বিরোধিতা করছে। তবে বিলটি সাময়িকভাবে থমকে গেলেও নারী শক্তির অধিকার আদায়ের লক্ষ্য থেকে সরকার সরবে না বলে তিনি স্পষ্ট করেছেন।