সুস্থ বার্ধক্যের চাবিকাঠি যোগ! কলকাতায় আয়োজিত বিশেষ শিবির
যোগ দিবসে কলকাতায় সুস্থ বার্ধক্যের বার্তা নিয়ে বিশেষ যোগ শিবির
কলকাতা: আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে শুক্রবার সকালে কলকাতায় ‘সুস্থ বার্ধক্যের জন্য যোগচর্চা’ শীর্ষক এক বিশেষ যোগ শিবির ও সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়। আয়কর আবাসন (পূর্বা) এবং ‘উৎকর্ষে আরোহণ’-এর যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মসূচির মূল লক্ষ্য ছিল বর্তমান যান্ত্রিক জীবনে বয়স্কদের শারীরিক সক্ষমতা বৃদ্ধি ও মানসিক প্রশান্তি নিশ্চিত করা। সকাল ৭টা থেকে শুরু হওয়া এই শিবিরে আয়কর আবাসনের কর্মী, আধিকারিক এবং তাঁদের পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেন, যেখানে অভিজ্ঞ প্রশিক্ষকদের তত্ত্বাবধানে বিভিন্ন যোগাসন, প্রাণায়াম ও ধ্যানের অনুশীলন করানো হয়।
অনুষ্ঠানটির অপর একটি উদ্দেশ্য ছিল ‘এক পৃথিবী, এক স্বাস্থ্য’ বার্তা প্রচার করা। এই কর্মসূচির অংশ হিসেবে সুস্থতা ও সচেতনতার প্রসারে গুরুত্ব দেওয়া হয় এবং পরিবেশের সঙ্গে মানুষের অবিচ্ছেদ্য সম্পর্ক তুলে ধরতে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। আগামী প্রজন্মের জন্য একটি সবুজ ও দূষণমুক্ত পৃথিবী গড়ে তোলার বার্তা দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।