প্রধানমন্ত্রীর বঙ্গ সফর, আজ বিকেল থেকেই বন্ধ শহরের রাজপথ!
পশ্চিমবঙ্গ দিবস ও আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষ্যে দুই দিনের বঙ্গ সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই সফরকে কেন্দ্র করে শহর কলকাতায় নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় গড়ে তুলেছে পুলিশ প্রশাসন। প্রধানমন্ত্রীর যাতায়াত নির্বিঘ্ন করতে আজ শনিবার বিকেল থেকেই ট্রাফিক ব্যবস্থায় বিশেষ পরিবর্তন আনা হয়েছে। কলকাতা পুলিশের জারি করা নির্দেশিকা অনুযায়ী, শনিবার বিকেল ৩টা ৩০ মিনিট থেকে রাত ১০টা এবং একই সঙ্গে রাত ১২টা থেকে রবিবার দুপুর ১২টা পর্যন্ত পণ্যবাহী ও মালবাহী গাড়ি চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তবে দুধ, ওষুধ, অক্সিজেন ও রান্নার গ্যাসের মতো জরুরি পণ্যবাহী গাড়ি এই নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে।
নিরাপত্তার স্বার্থে শনিবার বিকেল ৫টা থেকে রবিবার দুপুর ১২টা পর্যন্ত গভর্নমেন্ট প্লেস ইস্ট, এসপ্ল্যানেড রো ইস্ট ক্রসিং থেকে পুরনো কোর্ট হাউস স্ট্রিট এবং বিবাদি বাগ দক্ষিণ ক্রসিং পর্যন্ত এলাকা সাধারণ যান চলাচলের জন্য বন্ধ রাখা হবে। এ ছাড়াও পরিস্থিতি অনুযায়ী যাত্রীবাহী গাড়ির চলাচলের ওপর বিধিনিষেধ ও পার্কিংয়ের ক্ষেত্রে কঠোর নজরদারি চলবে। তারকেশ্বরে কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী কলকাতায় এসে রাজভবনে রাত্রিযাপন করবেন এবং রবিবার ভোরে রেড রোডে যোগ দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। এই কর্মসূচি ঘিরে শহরের ট্রাফিক চলাচল ও গুরুত্বপূর্ণ রাস্তাগুলোতে বড় ধরনের পরিবর্তন আসায় সাধারণ যাত্রীদের সম্ভাব্য ভোগান্তি এড়াতে আগেভাগেই সচেতন থাকার পরামর্শ দিয়েছে পুলিশ।