ড্রাগনের ড্রেইনে ভারত, অরুণাচল সীমান্তে কি সাজছে নয়া রণকৌশল!

তিব্বতের ইয়ারলুং সাংপো নদীতে বিশ্বের বৃহত্তম জলবিদ্যুৎ বাঁধ তৈরির কাজ দ্রুত গতিতে এগিয়ে নিয়ে যাচ্ছে চিন। ভারতের অরুণাচল সীমান্ত থেকে মাত্র ৫০ কিলোমিটার দূরে এই নির্মাণকাজ দিল্লির কৌশলগত উদ্বেগ বাড়িয়ে দিয়েছে। এই পরিস্থিতি মোকাবিলায় ভারত সরকার অরুণাচল প্রদেশে ‘সিয়াং আপার মাল্টিপারপাস প্রোজেক্ট’ (SUMP) বাস্তবায়নের প্রস্তুতি গ্রহণ করেছে। প্রকল্পটি সফল হলে এটি ভারতের বৃহত্তম জলবিদ্যুৎ কেন্দ্রে পরিণত হবে।

ভারতের উত্তর-পূর্বাঞ্চলের কৃষি, মৎস্যচাষ ও সামগ্রিক অর্থনীতির জীবনরেখা হলো এই নদী, যা ভারতে ব্রহ্মপুত্র নামে পরিচিত। বিশেষজ্ঞদের মতে, চিনের বাঁধের কারণে নদীর স্বাভাবিক প্রবাহ বিঘ্নিত হলে নিম্ন অববাহিকায় জলপ্রবাহ কমে গিয়ে কৃষি ও শিল্পোৎপাদন সংকটের মুখে পড়তে পারে। এছাড়া ভূ-রাজনৈতিক বিশ্লেষকদের আশঙ্কা, ভবিষ্যতে কূটনৈতিক বা সামরিক উত্তেজনার সময় বেজিং এই জলস্তর নিয়ন্ত্রণের ক্ষমতাকে চাপের হাতিয়ার হিসেবে ব্যবহার করতে পারে।

এই ঝুঁকি প্রশমনে প্রায় ১.৫ লক্ষ কোটি টাকার এই মেগা প্রকল্পের মাধ্যমে বছরে ১১,০০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করেছে ভারত। কেবল জ্বালানি নিরাপত্তা নয়, বরং চিনের ছাড়া আকস্মিক বন্যা নিয়ন্ত্রণ ও নিম্ন অববাহিকায় জলপ্রবাহ স্বাভাবিক রাখাই এই প্রকল্পের অন্যতম প্রধান উদ্দেশ্য। কূটনৈতিক স্তরে সফল আলোচনার অভাব এবং নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগের প্রেক্ষিতে ভারতের উত্তর-পূর্বাঞ্চলের জলসম্পদ রক্ষায় এই প্রকল্পকে একটি সুদূরপ্রসারী কৌশলগত পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *