বিনা টিকিটে ট্রেন সফর করবেন? এবার গুনতে হবে দ্বিগুণ জরিমানা!
বিনা টিকিটে বা ভুল টিকিট নিয়ে ট্রেন ভ্রমণের প্রবণতা রুখতে জরিমানার অঙ্ক দ্বিগুণ করল ভারতীয় রেল। ‘পাবলিক ট্রাস্ট অ্যাক্ট, ২০২৬’-এর আওতায় আনা এই নতুন নিয়ম গত ২০ জুন থেকে সারা দেশে কার্যকর হয়েছে। ১৯৮৯ সালের রেলওয়ে আইনের ১৩৭ ও ১৩৮ নম্বর ধারায় সংশোধনীর মাধ্যমে টিকিটবিহীন যাত্রার ক্ষেত্রে সর্বনিম্ন জরিমানা ২৫০ টাকা থেকে বাড়িয়ে ৫০০ টাকা করা হয়েছে। এই নিয়ম দেশের ছোট-বড় সব স্টেশন এবং দূরপাল্লার ট্রেনের ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য।
বৈধ টিকিট ছাড়া ভ্রমণ, নির্ধারিত শ্রেণির বাইরে বিনা অনুমতিতে অন্য কোচে যাতায়াত কিংবা ভুল টিকিট নিয়ে ট্রেনে উঠলে এই জরিমানা প্রযোজ্য হবে। রেল প্রশাসন জানিয়েছে, জরিমানার অর্থ দিতে অস্বীকার করলে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে, যার ফলে অভিযুক্তের ছয় মাস পর্যন্ত কারাদণ্ড হতে পারে। মূলত টিকিটবিহীন ভ্রমণের কারণে সৃষ্ট বিপুল আর্থিক ক্ষতি রোধ করতেই এই সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ।