রাম মন্দির থেকে উধাও ৬০ কেজি রুপোর বার, তোলপাড় তদন্ত!
অযোধ্যার রাম মন্দিরে ভক্তদের দেওয়া বিপুল পরিমাণ সম্পদ তছরুপের অভিযোগে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। মন্দিরের রেকর্ড বুক থেকে ৬০ কেজি ওজনের রুপোর বার গায়েব হওয়ার ঘটনায় অভিযোগ উঠেছে, যা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশের বিশেষ তদন্তকারী দল (সিট)। রামলালার ‘প্রাণ প্রতিষ্ঠা’ অনুষ্ঠানের সময় একটি জুয়েলারি অ্যাসোসিয়েশন দেশের বিভিন্ন প্রান্তের স্বর্ণকারদের অনুদানে এই রুপোর বারগুলো ট্রাস্টের হাতে তুলে দিয়েছিল। তবে তদন্তকারীদের দাবি, গত ছয় দিন ধরে তল্লাশি চালিয়েও মন্দিরের নথিতে এই রুপো গ্রহণ, সংরক্ষণ বা ব্যবহারের কোনো প্রমাণ পাওয়া যায়নি।
রুপোর বার ছাড়াও মন্দিরে আসা সোনা, হিরের অলঙ্কার বদলে নকল সামগ্রী রাখা এবং নগদ অনুদান আত্মসাতের মতো গুরুতর অভিযোগ সামনে এসেছে। এই ঘটনায় জড়িত সন্দেহে দানসামগ্রী দেখভালের দায়িত্বে থাকা কৃষ্ণদেব তিওয়ারি ও চারজন পুরোহিতকে জিজ্ঞাসাবাদ করেছে সিট। এদিকে, এই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি। গত ১৩ জুন উত্তরপ্রদেশ সরকার তিন সদস্যের একটি উচ্চপর্যায়ের তদন্তকারী দল গঠন করেছে। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তদন্ত প্রক্রিয়ার ওপর আস্থা রাখার আহ্বান জানিয়ে দ্রুত সত্য সামনে আনার আশ্বাস দিয়েছেন।