দিল্লির স্টেশনে সিট নিয়ে বচসা, সহযাত্রীদের মারে প্রাণ হারালেন যুবক!

দিল্লির শাহদরা স্টেশনে ট্রেনের জেনারেল কামরায় ওঠা এবং বসা নিয়ে বচসার জেরে সহযাত্রীদের নির্মম মারধরে পঙ্কজ ধামা নামে এক যুবকের মৃত্যু হয়েছে। উত্তরপ্রদেশের বাগপতের বাসিন্দা পঙ্কজ শনিবার সকাল ৬টা নাগাদ শাহদরা রেল স্টেশনের ৩ নম্বর প্ল্যাটফর্মে হরিদ্বারগামী যোগ এক্সপ্রেসে ওঠার সময় এই ঘটনার শিকার হন। ট্রেনটি স্টেশনে পৌঁছানোর পর যাত্রীদের মধ্যে ধস্তাধস্তি শুরু হলে পঙ্কজের সঙ্গে কয়েকজন যাত্রীর কথা কাটাকাটি হয়, যা পরবর্তীতে প্রাণঘাতী হামলায় রূপ নেয়। অভিযুক্তরা পঙ্কজকে প্ল্যাটফর্মে ফেলে লাথি ও ঘুঁষি মারলে তাঁর শরীরে গুরুতর অভ্যন্তরীণ আঘাত লাগে।

এই ঘটনায় রেলের নিরাপত্তা ও মানবিকতা নিয়ে প্রশ্ন উঠেছে। ভাইরাল ভিডিওতে দেখা যায়, ঘটনাস্থলে উপস্থিত রেলওয়ে প্রোটেকশন ফোর্সের (RPF) এক কনস্টেবল পঙ্কজকে উদ্ধার করলেও আহত অবস্থায় তাঁকে ফেলে রেখে চলে যান। প্ল্যাটফর্মে উপস্থিত কেউ আক্রান্ত যুবককে হাসপাতালে নেওয়ার প্রয়োজনীয় উদ্যোগ না নেওয়ায় সঠিক সময়ে চিকিৎসার অভাবে তাঁর মৃত্যু হয়েছে বলে অভিযোগ রয়েছে। বর্তমানে ওল্ড দিল্লি রেলওয়ে পুলিশ সিসিটিভি ফুটেজ ও ভাইরাল ভিডিওর সূত্র ধরে অভিযুক্তদের শনাক্তের কাজ চালাচ্ছে এবং তাদের দ্রুত গ্রেপ্তারের চেষ্টা করছে। নিউ দিল্লি রেলওয়ের ডিসিপি সচিন শর্মা জানিয়েছেন, হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা পঙ্কজকে মৃত ঘোষণা করেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *