প্রস্রাব আটকে রাখার এই মারাত্মক অভ্যাসে ধ্বংস হচ্ছে আপনার কিডনি!
কাজের চাপ, যানজট কিংবা বাইরে সুলভ শৌচালয়ের অভাবের কারণে দীর্ঘক্ষণ প্রস্রাব আটকে রাখা নারী ও পুরুষ উভয়ের স্বাস্থ্যের জন্যই অত্যন্ত ঝুঁকিপূর্ণ। ইউরোলজিস্ট বা মূত্ররোগ বিশেষজ্ঞদের মতে, নিয়মিত এই অভ্যাস কিডনি ও মূত্রথলির মারাত্মক ক্ষতি করতে পারে। মূত্রতন্ত্রের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টির ফলে তলপেটে ব্যথা, প্রস্রাবে জ্বালাপোড়া এবং মূত্রনালীর সংক্রমণের (ইউটিআই) ঝুঁকি বহুগুণ বেড়ে যায়। বিশেষ করে দীর্ঘ সময় মূত্রথলি খালি না রাখলে সেখানে ব্যাকটেরিয়া বাসা বাঁধে এবং ইউরিক অ্যাসিডের স্ফটিক তৈরির মাধ্যমে মূত্রথলিতে প্রদাহ বা তীব্র ব্যথার সৃষ্টি হয়।
দীর্ঘমেয়াদে এই অভ্যাস মূত্রথলির পেশিকে দুর্বল করে দেয়, যার ফলে পরবর্তীকালে মূত্রথলি সম্পূর্ণ খালি করা কঠিন হয়ে পড়ে। এ ছাড়া মূত্রথলিতে পাথর হওয়া এবং কিডনির ওপর উচ্চচাপ সৃষ্টির মাধ্যমে কিডনি বিকল হওয়ার মতো গুরুতর সংকট তৈরি হতে পারে। বিশেষ করে প্রোস্টেটের সমস্যাভুক্ত রোগী, ডায়াবেটিস রোগী, গর্ভবতী নারী, শিশু ও বয়স্কদের ক্ষেত্রে এই ঝুঁকি সবচেয়ে বেশি। কিডনি ও মূত্রথলি সুস্থ রাখতে চিকিৎসকরা প্রতি ৩–৪ ঘণ্টা অন্তর প্রস্রাব করা এবং পর্যাপ্ত পানি পানের পরামর্শ দিয়েছেন। সেই সঙ্গে বাইরে ভ্রমণের সময় অপরিষ্কার শৌচাগার এড়িয়ে না চলে প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে চলা বাঞ্ছনীয়।