নিজের হাতেই দুই মেয়েকে চম্বলে ছুঁড়ে ফেললেন বাবা, প্রেমের মাসুলে মর্মান্তিক পরিণতি!
রাজস্থানের ঢোলপুর জেলায় পরিবারের ‘সম্মান’ বাঁচাতে দুই নাবালিকা মেয়েকে জীবন্ত অবস্থায় চম্বল নদীতে ছুঁড়ে ফেলার অভিযোগ উঠেছে খোদ বাবা ও দাদার বিরুদ্ধে। ফারকপুরা গ্রামের বাসিন্দা ভরত লোধার দুই কন্যা নিখোঁজ থাকার ঘটনায় চাঞ্চল্য ছড়ালে পুলিশ তদন্তে নামে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও তদন্তের পর পুলিশ জানিয়েছে, দুই কিশোরী স্থানীয় দুই তরুণের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিল, যা তাদের পরিবার মেনে নিতে পারেনি। এই আক্রোশের বশেই তাদের সেতুর ওপর থেকে নদীতে ছুঁড়ে ফেলা হয়েছে বলে অভিযোগ।
ঘটনার সূত্রপাত গত ১১ জুন, যখন অভিযোগকারী ভরত লোধা তার স্ত্রী, ছেলে ও ভাই মিলে গাড়ি নিয়ে বেরিয়েছিলেন। পরে গ্রামে বিষয়টি জানাজানি হলে, ভরত দাবি করেন—তাঁর দুই মেয়ে দুর্ঘটনাবশত নদীতে পড়ে গিয়েছেন। কিন্তু দীর্ঘ সময় ঘটনাটি গোপন রাখায় গ্রামবাসীদের সন্দেহের জেরে পুলিশে খবর দেওয়া হয়। বর্তমানে পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনী নিখোঁজ দুই কিশোরীর সন্ধানে নদীতে তল্লাশি চালাচ্ছে। অভিযুক্ত বাবা ও ভাইকে আটক করে ঘটনার বিস্তারিত জানতে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।