চাকরি দেওয়ার নামে কোটি টাকার প্রতারণা! এবার কাঠগড়ায় অভিষেকের আপ্তসহায়ক সুমিত

রাজ্যে সরকারি চাকরি পাইয়ে দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা প্রতারণার মামলায় এবার তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়ের নাম জড়িয়েছে। মেদিনীপুরের প্রাক্তন বিধায়ক সুজয় হাজরার বিরুদ্ধে ডেবরা থানায় দায়ের হওয়া একটি প্রতারণার মামলায় সুমিতের বিরুদ্ধে এফআইআর দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ। ইতিপূর্বেই শালবনির অন্য একটি মামলায় সুমিত রায়ের খোঁজে রাজ্যের গোয়েন্দা দফতর সিআইডি লুকআউট সার্কুলার জারি করেছে।

তদন্তকারী সূত্রে জানা গেছে, গত ১৬ জুন প্রসেনজিৎ রায় নামে এক যুবক অভিযোগ করেন যে, ১২টি সরকারি পদে চাকরির নামে সুজয় হাজরা মাথাপিছু সাড়ে তিন লক্ষ টাকা দাবি করেছিলেন। প্রাথমিক কিস্তি হিসেবে ১২ লক্ষ টাকা দেওয়ার পর চাকরিপ্রার্থীদের ভুয়া মেডিকেল পরীক্ষা করানো হয় এবং আরও টাকা দাবি করে বলা হয় সেই অর্থ সুমিত রায়কে দিতে হবে। অভিযোগ, টাকা লেনদেনের পর ভুক্তভোগীদের হাতে ভুয়া নিয়োগপত্র তুলে দেওয়া হয় এবং টাকা ফেরত চাইলে মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দেওয়া হয়। বর্তমানে পুলিশি হেফাজতে থাকা সুজয় হাজরাকে জিজ্ঞাসাবাদ করেই সুমিতের নাম উঠে এসেছে। এর আগে বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়েও সুমিতের খোঁজ মেলেনি, তাই দেশত্যাগের আশঙ্কা থেকে তাঁর বিরুদ্ধে লুকআউট নোটিস জারি করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *