বর্ষার শুরুতেই বিপর্যস্ত বাংলা, উত্তরের নদীতে লাল সংকেত আর দক্ষিণে বজ্রপাতের সতর্কতা!

টানা বৃষ্টিতে কার্যত বিপর্যস্ত পশ্চিমবঙ্গ। উত্তরবঙ্গের বিভিন্ন নদীতে জলস্তর বৃদ্ধি পেয়ে প্লাবিত হয়েছে নিচু এলাকা, অন্যদিকে দক্ষিণবঙ্গে নিম্নচাপ অক্ষরেখার প্রভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় কলকাতায় ৬২.১ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে এবং তাপমাত্রাও স্বাভাবিকের চেয়ে কিছুটা কমেছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় ঝড়-বৃষ্টির দাপট থাকবে এবং ২২ জুন থেকে এই বৃষ্টির পরিমাণ আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রপাতের আশঙ্কায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

উত্তরবঙ্গের পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে। তিস্তা ও মূর্তি নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ায় এবং নদী ভাঙন রোধে স্থায়ী ব্যবস্থার দাবিতে সোমবার সকালে জলপাইগুড়ির চালসা-নাগরাকাটা জাতীয় সড়ক অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। প্রশাসনের আশ্বাসের পর অবরোধ উঠলেও, গজলডোবা ব্যারেজ থেকে জল ছাড়ার কারণে নদী তীরবর্তী এলাকাগুলোতে সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া, তিস্তা ও জলঢাকা নদীর অসংরক্ষিত এলাকাগুলোতেও হলুদ সতর্কতা বজায় রেখেছে সেচ দপ্তর। পরিস্থিতি মোকাবিলায় প্রশাসনের পক্ষ থেকে নদী তীরবর্তী বাসিন্দাদের ওপর কড়া নজরদারি চালানো হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *