আলিয়ার শুটিং সেটে মর্মান্তিক মৃত্যু, কাঠগড়ায় কলাকুশলীদের নিরাপত্তা!
মুম্বই ফিল্ম সিটির রয়্যাল পাম্প স্টুডিওতে বলিউডের বিগ বাজেটের ছবি ‘লভ অ্যান্ড ওয়্যার’-এর শুটিং সেটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চন্দ্রধারী সিংহ যাদব নামের ৪২ বছর বয়সি এক কাঠের মিস্ত্রীর মৃত্যু হয়েছে। শর্ট সার্কিটের কারণে ঘটা এই মর্মান্তিক দুর্ঘটনার সময় সেটে উপস্থিত ছিলেন ছবির প্রধান অভিনেত্রী আলিয়া ভট্ট। এই ঘটনার পর শুটিং সেটে কলাকুশলীদের কাজের পরিবেশ ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। জানা গেছে, দুর্ঘটনার আগে নিহত কর্মী টানা ২০ ঘণ্টা কাজ করেছিলেন। দীর্ঘ কর্মঘণ্টা ও পর্যাপ্ত বিশ্রামের অভাবকে এই দুর্ঘটনার অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করছেন সংশ্লিষ্টরা।
ঘটনার পর চলচ্চিত্র জগতের শ্রমিক সংগঠন ‘ফেডরেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ়’ (এফডব্লিউআইসিই) ক্ষতিপূরণ ও নিরাপত্তা নিয়ে সরব হয়েছে। নির্মাতা সঞ্জয় লীলা ভন্সালীর প্রযোজনা সংস্থা নিহতের পরিবারকে প্রাথমিকভাবে ৪০ লক্ষ টাকা ও কর্মসংস্থানের প্রস্তাব দিলেও, সংগঠনটি তা বাড়িয়ে ৫০ লক্ষ টাকা করার দাবি জানিয়েছে। এফডব্লিউআইসিই-র সভাপতি বিএন তিওয়ারি সেটে নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি কর্মীদের কাজের নির্দিষ্ট সময়সীমা নির্ধারণের দাবি জানিয়েছেন। এই ঘটনার জেরে রণবীর কপূর, ভিকি কৌশল ও আলিয়া ভট্ট অভিনীত ছবিটির শুটিং শিডিউল সাময়িকভাবে বিঘ্নিত হতে পারে।