গা ঢাকা দিয়েও শেষরক্ষা হলো না, জনরোষ ও ডিমের বৃষ্টিতে নাজেহাল প্রাক্তন বিধায়ক!

ত্রাণ সামগ্রী আত্মসাৎ ও অস্ত্র মামলার অভিযোগে গ্রেফতার তারকেশ্বরের প্রাক্তন তৃণমূল বিধায়ক তথা আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি রামেন্দু সিংহ রায়কে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল ধনিয়াখালি থানা চত্বর। সোমবার ট্রানজিট রিমান্ড শেষে তাঁকে চুঁচুড়া আদালতে নিয়ে যাওয়ার সময় স্থানীয় বাসিন্দাদের তীব্র বিক্ষোভের মুখে পড়েন তিনি। বিক্ষোভকারীরা প্রাক্তন বিধায়ককে লক্ষ্য করে ডিম ছোড়েন এবং ‘চোর’ স্লোগান দিয়ে জুতোর মালা প্রদর্শন করেন। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে প্রিজন ভ্যানে করে তাঁকে থানা এলাকা থেকে সরিয়ে নিয়ে যায়।

গত ১১ জুন ধনিয়াখালির কোটালপুর এলাকায় প্রাক্তন বিধায়কের বাড়ি সংলগ্ন একটি কলেজ থেকে সরকারি লোগোযুক্ত বিপুল পরিমাণ ত্রিপল, কম্বল ও ডাস্টবিন উদ্ধারের ঘটনায় তাঁর বিরুদ্ধে মামলা রুজু হয়। এরপর থেকে অভিযুক্ত আত্মগোপন করে ওড়িশা, বিশাখাপত্তনম ও হায়দরাবাদ হয়ে কর্নাটকে আশ্রয় নিয়েছিলেন। তদন্তকারীদের নজর এড়াতে তিনি স্মার্টফোনের বদলে সাধারণ ফিচার ফোন ব্যবহার করছিলেন। অবশেষে গত ১৯ জুলাই পুলিশের বিশেষ দল কর্নাটকের সাহাপুর থেকে তাঁকে গ্রেফতার করে রবিবার রাতে ধনিয়াখালি থানায় নিয়ে আসে। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *