শিল্পায়নে ৫ হাজার কোটির বাজি, রাজ্য বাজেটে ১৪ চমকের জোয়ার!
রাজ্যে শিল্পায়ন, বিপুল বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য নিয়ে ২০২৬-২৭ অর্থবর্ষের বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। সোমবার বিধানসভায় পেশ করা এই বাজেটে সেমিকন্ডাক্টর, স্টার্ট-আপ, গ্রিন এনার্জি ও লজিস্টিকস সেক্টরকে অগ্রাধিকার দিয়ে ১৪ দফার একটি মাস্টারপ্ল্যান ঘোষণা করা হয়েছে। এর মধ্যে দুর্গাপুরে নতুন সেমিকন্ডাক্টর ইউনিট স্থাপন এবং গ্রিন এনার্জি ও বৈদ্যুতিক গাড়ি শিল্পের জন্য ৫,০০০ কোটি টাকার প্রণোদনা প্যাকেজ অন্যতম। এছাড়া হাওড়া-হুগলির পাটশিল্প ও উত্তরবঙ্গের কৃষি-প্রক্রিয়াকরণ ক্লাস্টার ঢেলে সাজাতে ১,০০০ কোটি টাকা বরাদ্দের পাশাপাশি ক্যালকাটা স্টক এক্সচেঞ্জ পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
বিনিয়োগকারীদের সুবিধার্থে রাজ্য সরকার ১০০ কোটি টাকা বা তার বেশি বিনিয়োগের ক্ষেত্রে ‘সিঙ্গল উইন্ডো ক্লিয়ারেন্স সিস্টেম’ চালু করছে। ব্যবসায়ীদের তোলাবাজি ও সিন্ডিকেটের দাপট রুখতে নতুন কড়া আইন আনার প্রস্তাব দেওয়া হয়েছে। একইসঙ্গে, আগামী ৩ মাসের মধ্যে নতুন স্টার্ট-আপ নীতি গ্রহণ, স্টার্ট-আপের জন্য ১০০ কোটি টাকার তহবিল গঠন এবং আন্তর্জাতিক বিজ্ঞানীদের রাজ্যে ফেরাতে ৫০ কোটি টাকার তহবিল গড়ার ঘোষণা করা হয়েছে। এছাড়া ডানকুনিকে মাল্টি-মডাল লজিস্টিকস হাব হিসেবে গড়ে তোলা এবং রাজ্যের দোকান, রেস্তোরাঁ ও অফিসগুলি শর্তসাপেক্ষে ২৪ ঘণ্টা খোলা রাখার প্রস্তাবও এই বাজেটে রাখা হয়েছে।