মুক্তির আগেই সেন্সরের কাঁচিতে ক্ষতবিক্ষত অক্ষয়ের নতুন সিনেমা!

আগামী ২৬ জুন প্রেক্ষাগৃহে মুক্তির অপেক্ষায় থাকা অক্ষয় কুমারের বহু প্রতীক্ষিত কমেডি ছবি ‘ওয়েলকাম টু জঙ্গল’-এ বড় ধরনের কাঁচি চালিয়েছে সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি)। মুক্তির চার দিন আগে সেন্সর বোর্ডের নির্দেশে ছবিটিতে মোট ১৮টি পরিবর্তন আনা হয়েছে। সুনীল শেট্টি, দিশা পাটানি, জ্যাকলিন ফার্নান্ডেজ ও রবীনা ট্যান্ডন অভিনীত এই সিনেমাটিকে শেষ পর্যন্ত ২ ঘণ্টা ৪৪ মিনিট ৫০ সেকেন্ড দৈর্ঘ্যের ভিত্তিতে ‘ইউ/এ’ (U/A) ছাড়পত্র দেওয়া হয়েছে।

সেন্সর বোর্ডের আপত্তির মুখে ছবি থেকে রাজনৈতিকভাবে সংবেদনশীল ও অশালীন সংলাপ বাদ দেওয়া হয়েছে। এর মধ্যে ‘কাশ্মীরের জল’, ‘দেশের মলমূত্র’-এর মতো সংলাপ পরিবর্তনের পাশাপাশি ‘গোর্খা রেজিমেন্ট’-এর নাম বদলে শুধু ‘সেনাবাহিনী’ এবং ‘আর্মি জেনারেল’-এর স্থলে ‘স্যর’ সম্বোধন করার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া ‘কুরবানি’ শব্দের বদলে ‘শহিদ’ এবং বর্ণবৈষম্যমূলক সংলাপ পরিবর্তনের নির্দেশও এসেছে। একই সঙ্গে দিশা পাটানি ও জ্যাকলিনের ১০ সেকেন্ডের বিকিনি দৃশ্য ও কিছু অশ্লীল অঙ্গভঙ্গি ছবি থেকে ছেঁটে ফেলা হয়েছে। টানা ব্যর্থতার পর অক্ষয় কুমার এই ফ্র্যাঞ্চাইজিটির মাধ্যমে সাফল্যের সন্ধানে থাকলেও, শেষ মুহূর্তে এসে হওয়া এই বড় ধরনের পরিবর্তনগুলো ছবির মূল গতি ও কমেডিতে কেমন প্রভাব ফেলে, তা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *