সবজির দাম নিয়ন্ত্রণে ১০০ কোটির তহবিল, কৃষকদের জন্য বাজেটে বড় চমক!
নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে ১০০ কোটির তহবিল, কৃষকদের জন্য একগুচ্ছ বড় ঘোষণা রাজ্য বাজেটে
বাজারে নিত্যপ্রয়োজনীয় সবজি ও ডালের অগ্নিমূল্য নিয়ন্ত্রণে রাখতে বিশেষ পদক্ষেপ নিল রাজ্য সরকার। সাধারণ মানুষের স্বস্তির লক্ষ্যে আলু, পেঁয়াজ, টমেটো, ডাল ও তৈলবীজের দাম নিয়ন্ত্রণে ১০০ কোটি টাকার বিশেষ তহবিল গঠনের ঘোষণা করা হয়েছে। পাশাপাশি, কৃষকদের অবস্থার উন্নতি ও আধুনিকীকরণে বাজেটে বড়সড় বরাদ্দ এনেছে রাজ্য। ফসল সংরক্ষণে হিমঘর ও প্যাকিং সেন্টার নির্মাণে ৩৫ শতাংশ পর্যন্ত ভর্তুকি দেওয়ার জন্য আলাদাভাবে ১০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এছাড়া, আলু চাষিদের ফসল বিমার প্রিমিয়ামের অর্ধেক সরকার বহন করবে এবং ভালো ফলনের জন্য বিনামূল্যে উন্নতমানের বীজ বিতরণেও ১০০ কোটি টাকা ব্যয় করা হবে।
কৃষকদের আয় বাড়াতে আলু ও খারিফ মরশুমের ধান বিক্রির ক্ষেত্রে ন্যূনতম সহায়কমূল্যের ওপর কুইন্টাল প্রতি ২০০ টাকা অতিরিক্ত ইনসেনটিভ দেওয়া হবে। ধানের সরকারি দর ধাপে ধাপে বাড়িয়ে ৩,১০০ টাকায় নিয়ে যাওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ঋণ পাওয়ার ভোগান্তি কমাতে ডিজিটাল কিষান ক্রেডিট কার্ডের মাধ্যমে মাত্র ১৫ মিনিটে কৃষি ঋণ দেওয়ার ব্যবস্থা চালু হচ্ছে। প্রযুক্তিগত সহায়তার অংশ হিসেবে আইআইটি খড়গপুরের সহযোগিতায় চাষাবাদে ড্রোন, স্মার্ট সেন্সর ও কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের উদ্যোগ নিয়েছে রাজ্য। এ ছাড়াও বিশেষ ‘ফার্মার্স আইডি’ চালু, প্রাকৃতিক চাষে উৎসাহ এবং আলিপুরদুয়ার, দার্জিলিং, পুরুলিয়া ও ঝাড়গ্রামের গ্রামীণ পরিকাঠামো উন্নয়নের মতো গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে।