দার্জিলিংয়ে প্যারাগ্লাইডিং, ঝাড়গ্রামে টাইগার সাফারি! রাজ্যের পর্যটনে বিরাট চমক
রাজ্যের পর্যটন শিল্প ও দুর্গাপুজোকে ঢেলে সাজাতে নতুন মাস্টার প্ল্যান ঘোষণা
কলকাতা: রাজ্যের পর্যটন শিল্পকে বিশ্বমঞ্চে তুলে ধরতে এবং দুর্গাপুজোকে কেন্দ্র করে পর্যটনের আলাদা ব্র্যান্ডিং করতে একগুচ্ছ নতুন উদ্যোগ নিলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। সোমবার রাজ্য সরকারের পেশ করা প্রথম বাজেটে পর্যটন ক্ষেত্রের উন্নয়নে বিশেষ নজর দেওয়া হয়েছে। এর মধ্যে পাহাড়, জঙ্গল এবং সুন্দরবনের পর্যটন পরিকাঠামো উন্নয়নের পাশাপাশি দুর্গাপুজোকে বিশ্বজনীন উৎসব হিসেবে প্রচারের রূপরেখা তুলে ধরা হয়েছে।
বাজেটের প্রস্তাব অনুযায়ী, দার্জিলিং ও ডুয়ার্সে অ্যাডভেঞ্চার ট্যুরিজমের আওতায় ট্রেকিং, হাইকিং ও প্যারাগ্লাইডিংয়ের ব্যবস্থা করা হবে। ঝাড়গ্রাম চিড়িয়াখানায় ২৫ কোটি টাকা ব্যয়ে ১৬০ একর জমিতে তৈরি হবে ‘টাইগার সাফারি’। সুন্দরবনের জন্য ইকো-রিসোর্ট, ভাসমান গ্ল্যাম্পিং ও বৈদ্যুতিক নৌকার ব্যবস্থা করা হচ্ছে। এছাড়া শক্তিপীঠ সার্কিট গঠন, হেরিটেজ কমিশন তৈরি এবং গঙ্গাসাগরসহ রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ মেলাকে জাতীয় ও আন্তর্জাতিক স্তরে তুলে ধরার পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি, পুরুলিয়ার বিভিন্ন পর্যটন কেন্দ্র নিয়ে একটি ‘ইন্টিগ্রেটেড ট্যুরিজম সার্কিট’ তৈরির সিদ্ধান্তও গ্রহণ করা হয়েছে।