মিড-ডে মিলে এবার বাম্পার চমক, খুদেদের পাতে বাড়ল ৪৭ শতাংশ বরাদ্দ!

রাজ্যের প্রাথমিক স্কুলের পড়ুয়াদের জন্য মিড-ডে মিলের বরাদ্দ একলাফে ৪৭ শতাংশ বৃদ্ধি করল রাজ্য সরকার। রাজ্য বাজেটে ঘোষিত নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রাথমিক স্তরে মিড-ডে মিলের উপকরণের জন্য পড়ুয়াপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা থেকে বাড়িয়ে ১০ টাকা করা হয়েছে। এছাড়া কলকাতা পুরসভা এলাকার স্কুলগুলিতে উন্নত মানের খাবার বিতরণের জন্য ইসকনের (ISKCON) সঙ্গে বিশেষ ব্যবস্থা করা হবে। পাশাপাশি, এই প্রকল্পের সঙ্গে যুক্ত রাঁধুনি ও সহায়িকাদের মাসিক সাম্মানিকও ১,০০০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

খাবারের মানোন্নয়নের পাশাপাশি স্কুলগুলির পরিকাঠামো উন্নয়নেও বিশেষ জোর দিয়েছে রাজ্য। প্রকল্পের আওতায় প্রতিটি অঙ্গনওয়াড়ি, প্রাথমিক ও মাধ্যমিক স্কুলে গ্যাস সংযোগ ও সোলার প্লেট বসানো হবে। একইসঙ্গে ছাত্রছাত্রীদের জন্য বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থায় ওয়াটার পিউরিফায়ার, প্রয়োজনীয় বাসনপত্র সরবরাহ এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ ও বৈদ্যুতিক পাখার ব্যবস্থা নিশ্চিত করবে সরকার। পড়ুয়াদের স্বাস্থ্যকর ও উন্নত মানের খাবার নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *