ট্রাম্পের কথায় চলি না, লেবানন থেকে সেনা সরাতেই সাফ না নেতানিয়াহুর!
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবিকে সরাসরি নাকচ করে দিয়ে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জানিয়েছেন যে, তিনি মার্কিন প্রেসিডেন্টের কথামতো কাজ করেন না। রবিবার জেরুজালেমে এক অনুষ্ঠানে তিনি স্পষ্ট করেন, ইজরায়েলের নিজস্ব স্বার্থ রয়েছে এবং সব বিষয়ে আমেরিকা ও ইজরায়েলের অবস্থান এক হওয়া সম্ভব নয়। কোনো চাপের মুখে লেবানন থেকে সেনা প্রত্যাহার করা হবে না বলেও তিনি পুনর্ব্যক্ত করেন।
নেতানিয়াহু আরও জানান, ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেবে না ইজরায়েল এবং এই বিষয়ে কোনো আপস করা হবে না। এর আগে গত শুক্রবার ট্রাম্প দাবি করেছিলেন যে, নেতানিয়াহুর ওপর তাঁর যথেষ্ট প্রভাব রয়েছে এবং তাঁর সমর্থন ছাড়া ইজরায়েলের অস্তিত্ব থাকা কঠিন। তবে ট্রাম্পের সেই মন্তব্যকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়ে ইজরায়েলের প্রধানমন্ত্রী সাফ জানিয়ে দিয়েছেন, ইরান ও মধ্যপ্রাচ্য ইস্যুতে নিজের সিদ্ধান্তে অনড় থাকবে তার দেশ।