রেশন কার্ড থাকলেই কি ৫ লাখের ফ্রি চিকিৎসা? জেনে নিন কারা পাবেন এই সুবিধা!
রাজ্যে কেন্দ্রীয় স্বাস্থ্যবিমা প্রকল্প ‘আয়ুষ্মান ভারত’ চালু হয়েছে। প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা (PM-JAY)-এর অধীনে এই প্রকল্পে উপভোক্তারা সরকারি ও বেসরকারি হাসপাতালে পরিবার পিছু বছরে সর্বাধিক ৫ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসার সুবিধা পাবেন। এই সুবিধার আওতায় অপারেশন থেকে শুরু করে ওষুধপত্র ও হাসপাতাল থেকে ছুটির পরবর্তী আনুষঙ্গিক খরচও বহন করা হবে।
মূলত আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবার এবং বয়স্ক নাগরিকদের জন্য এই প্রকল্প। দারিদ্রসীমার নিচে বসবাসকারী বা অন্ত্যোদয় অন্ন যোজনা (AAY), বিশেষ অগ্রাধিকার প্রাপ্ত (SPHH) ও অগ্রাধিকার প্রাপ্ত (PHH) ডিজিটাল রেশন কার্ডধারী ব্যক্তিরা এই কার্ডের জন্য যোগ্য। এছাড়া ৭০ বছর বা তার বেশি বয়সি প্রবীণ নাগরিকরাও এই প্রকল্পের সুবিধা পাবেন। বর্তমানে দারিদ্রসীমার ওপরে (APL) বসবাসকারী বা যাদের নিজস্ব বেসরকারি স্বাস্থ্যবিমা রয়েছে, তারা এই সরকারি প্রকল্পের আওতাভুক্ত নন।
ইচ্ছুক উপভোক্তারা বাড়িতে বসেই অনলাইনের মাধ্যমে এই কার্ডের জন্য আবেদন করতে পারবেন। আয়ুষ্মান ভারতের অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে ‘বেনিফিশিয়ারি’ অপশনে ক্লিক করে নিজের মোবাইল নম্বর ও ওটিপি (OTP)-এর মাধ্যমে লগ-ইন করতে হবে। এরপর রাজ্য ও জেলা নির্বাচন করে রেশন কার্ড বা আধার নম্বর দিয়ে নাম যাচাই করে প্রয়োজনীয় ছবি আপলোড করতে হবে। তথ্য যাচাইয়ের প্রক্রিয়া সম্পন্ন হলে তবেই আবেদনকারী আয়ুষ্মান ভারত কার্ড পাবেন।