রাজ্যে কত খারিজি মাদ্রাসা? কড়া পদক্ষেপের পথে সরকার!

রাজ্যের সমস্ত স্বীকৃতিহীন, অনিবন্ধিত এবং ব্যক্তিগতভাবে পরিচালিত মাদ্রাসাগুলির ওপর কড়া নজরদারি শুরু করতে চলেছে রাজ্য সরকার। সরকারি নির্দেশ না মানলে বা তথ্য গোপন করলে উত্তরপ্রদেশ মডেলের ধাঁচে প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া বা বেআইনি পরিকাঠামো ভেঙে দেওয়ার মতো কঠোর পদক্ষেপ নেওয়া হতে পারে বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে। এই প্রক্রিয়ার অংশ হিসেবে গত ৫ জুনের নির্দেশে সমস্ত জেলা শাসককে আগামী ৫ জুলাইয়ের মধ্যে রাজ্যের অনিবন্ধিত ও সরকারি অনুদানবিহীন মাদ্রাসাগুলির তালিকা নবান্নে জমা দিতে বলা হয়েছে। রিপোর্ট পাওয়ার পর সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলিকে তাদের অর্থের উৎস, পাঠ্যক্রম, শিক্ষক-শিক্ষিকা ও পড়ুয়াদের সমস্ত নথি জমা দিতে হবে।

নিরাপত্তার স্বার্থে প্রশাসন এই পদক্ষেপ গ্রহণ করেছে। অতীতে খাগড়াগড় বিস্ফোরণের তদন্তে সীমান্তবর্তী এলাকার কিছু স্বীকৃতিহীন মাদ্রাসাকে চরমপন্থী কার্যকলাপের আড়াল হিসেবে ব্যবহারের অভিযোগ উঠেছিল। বর্তমানে সরকার কোনো আপস করতে রাজি না হওয়ায়, প্রয়োজনে বিশেষ তদন্তকারী দল (SIT) গঠন করে এই প্রতিষ্ঠানগুলোর অর্থের উৎস খতিয়ে দেখার পরিকল্পনাও রয়েছে। বর্তমানে সরকারি সাহায্যপ্রাপ্ত ও স্বীকৃত মাদ্রাসার বাইরে রাজ্যের উল্লেখযোগ্য সংখ্যক অনিবন্ধিত বা ‘খারিজি’ মাদ্রাসা সরকারি কোনো বোর্ডের আওতাভুক্ত নয়। এই সমীক্ষার মাধ্যমেই মাদ্রাসাগুলোর সঠিক সংখ্যা এবং কর্মকাণ্ডের তথ্য সংগ্রহ করতে চাইছে প্রশাসন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *