রাজ্য বাজেটে মহিলাদের জয়জয়কার, আর্থিক সুরক্ষা থেকে কর্মসংস্থানে বড় চমক!
নতুন রাজ্য সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেটে নারী ক্ষমতায়নের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে। অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তের পেশ করা এই বাজেটে মহিলাদের আর্থিক স্বাধীনতা, শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা এবং কর্মসংস্থানের ক্ষেত্রে একগুচ্ছ নতুন পরিকল্পনা ঘোষণা করা হয়েছে। ভোটের আগে নারী সুরক্ষা ও উন্নয়নের যে প্রতিশ্রুতি সরকার দিয়েছিল, তা বাস্তবায়নের লক্ষ্যেই এসব বহুমুখী পদক্ষেপ নেওয়া হয়েছে।
আর্থিক স্বনির্ভরতার জন্য ২৫ থেকে ৬০ বছর বয়সী মহিলাদের মাসে ৩ হাজার টাকা সহায়তার লক্ষ্যে ‘অন্নপূর্ণা যোজনা’ চালু করা হচ্ছে, যার জন্য ৩৬ হাজার কোটি টাকা বরাদ্দ হয়েছে। পাশাপাশি বিধবা ভাতা বৃদ্ধি, আশাকর্মীদের বেতন বাড়ানো এবং সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে যাতায়াতের জন্য ‘পিঙ্ক কার্ড’ প্রদানের ঘোষণা দেওয়া হয়েছে। স্বাস্থ্যক্ষেত্রে প্রসূতিদের জন্য ২১ হাজার টাকা সহায়তা ও পুষ্টি কিট প্রদানের পাশাপাশি ৫ লক্ষ টাকার স্বাস্থ্যবিমা নিশ্চিত করা হয়েছে। এছাড়া স্নাতক স্তরে ভর্তি হওয়া অবিবাহিত ছাত্রীদের এককালীন ৫০ হাজার টাকা প্রদান এবং রাজ্যের সরকারি চাকরিতে ৩৩ শতাংশ পদ মহিলাদের জন্য সংরক্ষণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নারীর সুরক্ষার লক্ষ্যে ‘দুর্গা সুরক্ষা স্কোয়াড’ গঠন, বিশেষ মহিলা ব্যাটালিয়ন তৈরি এবং প্রতিটি মহকুমায় মহিলা পরিচালিত থানা ও সহায়তা ডেস্ক খোলার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি, স্বনির্ভরতার জন্য ক্লাউড কিচেন নীতি এবং উচ্চশিক্ষিত যুবক-যুবতীদের ১০ লক্ষ টাকা পর্যন্ত বিশেষ ঋণের সুবিধা ঘোষণা করা হয়েছে। সরকারি কর্মসংস্থান ও কল্যাণে এই পদক্ষেপগুলো রাজ্যের সামাজিক ও অর্থনৈতিক কাঠামোয় মহিলাদের অবস্থান আরও শক্তিশালী করবে বলে আশা করা হচ্ছে।