উত্তরবঙ্গের মন জয়ে কল্পতরু নতুন সরকার, প্রথম বাজেটেই ঢালাও উপহার!

রাজ্যে নতুন সরকার গঠনের পর প্রথম পূর্ণাঙ্গ বাজেটে উত্তরবঙ্গের জন্য একগুচ্ছ বড় ঘোষণা করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। শিক্ষা, স্বাস্থ্য, পর্যটন, চা শিল্প ও পরিকাঠামো উন্নয়নে ঢালাও বরাদ্দের মাধ্যমে মূলত দীর্ঘ ১৫ বছর উত্তরবঙ্গবাসীর দেওয়া আস্থার প্রতিফলন ঘটানো হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রতিশ্রুতি অনুযায়ী, এই অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক অবস্থার উন্নয়নের লক্ষ্যে এই বাজেটকে অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

শিক্ষা ও চিকিৎসা পরিষেবায় আমূল পরিবর্তনের লক্ষ্যে উত্তরবঙ্গে একটি আইআইটি (IIT), একটি আইআইএম (IIM), এইমস (AIIMS) এবং একটি ক্যানসার হাসপাতাল স্থাপনের ঘোষণা করা হয়েছে। এছাড়া কালিম্পং, আলিপুরদুয়ার ও দক্ষিণ দিনাজপুরে তিনটি নতুন মেডিক্যাল কলেজ তৈরি হবে। পরিকাঠামো উন্নয়নে শিলিগুড়িতে মেট্রো পরিষেবার সম্ভাব্যতা যাচাই, নতুন বিমানবন্দর নির্মাণ, কোচবিহার বিমানবন্দরের সম্প্রসারণ, হাসিমারা এয়ার বেসের জন্য ২৫ একর জমি বরাদ্দ এবং দুটি আন্তর্জাতিক মানের স্টেডিয়াম তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে।

চা শিল্পের ঐতিহ্য রক্ষা ও শ্রমিকদের কল্যাণে চা বাগানের জমির বাণিজ্যিক ব্যবহারের ঊর্ধ্বসীমা ৩০ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশ করার প্রস্তাব দেওয়া হয়েছে এবং কেন্দ্র ও রাজ্যের যৌথ উদ্যোগে ‘পিএম চা শ্রমিক যোজনা’ চালু করা হচ্ছে। পর্যটন শিল্পের বিকাশে দার্জিলিংকে ইকো-অ্যাডভেঞ্চার ও হেরিটেজ হাব হিসেবে গড়ে তোলা হবে। এর আওতায় অ্যাডভেঞ্চার স্পোর্টসের প্রসার ঘটানো এবং চা বাংলোগুলির হেরিটেজ ম্যাপিংয়ের মাধ্যমে বিশ্বব্যাপী ব্র্যান্ডিংয়ের পরিকল্পনা নিয়েছে সরকার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *