তৃণমূল কাউন্সিলরকে লক্ষ্য করে ডিম-বৃষ্টি! অসভ্যতা রুখতে কড়া পুলিশি পদক্ষেপ
ডানকুনির ১৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণ সুভাষপল্লিতে দীর্ঘদিন ধরে বেহাল নিকাশি ব্যবস্থা এবং আবর্জনা সংগ্রহের অব্যবস্থাপনার প্রতিবাদে স্থানীয় তৃণমূল কাউন্সিলর দেবাশিস বন্দ্যোপাধ্যায়ের বাড়ি ঘেরাও করেন ক্ষুব্ধ এলাকাবাসী। মঙ্গলবার এই বিক্ষোভ চলাকালীন কাউন্সিলর বাড়ির বাইরে বেরিয়ে এলে বাসিন্দাদের সঙ্গে তাঁর কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে বিক্ষোভকারীরা তাঁকে লক্ষ্য করে ডিম ছুড়তে শুরু করলে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ডানকুনি থানার পুলিশ।
উদ্ভূত পরিস্থিতি সামলাতে ডানকুনি থানার আইসি শান্তনু সরকার দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন এবং মাইক হাতে উত্তেজিত জনতাকে শান্ত করার চেষ্টা করেন। তিনি সাফ জানিয়ে দেন, প্রতিবাদের নামে অসভ্যতা বরদাস্ত করা হবে না এবং নিয়ম মেনে অভিযোগ জানানোর পরামর্শ দেন। এ সময় তিনি ডিম হাতে বিক্ষোভকারীদের ছবি তুলে রাখার নির্দেশ দিলে পরিস্থিতি ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসে। পরে পুলিশি পাহারায় তৃণমূল কাউন্সিলরকে ঘটনাস্থল থেকে নিরাপদে উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়।