মাস্ককে চরম চ্যালেঞ্জ! ভারতীয়কে ‘ডাকাত’ বলায় গর্জে উঠলেন রো খান্না
কংগ্রেসম্যান রো খান্নাকে ‘ডাকাত’ বলে বিতর্কে এলন মাস্ক
ইউএসএআইডি (USAID)-এর অনুদান ছাঁটাই সংক্রান্ত বিষয়ে সমালোচনার জেরে মার্কিন ডেমোক্র্যাট কংগ্রেসম্যান রো খান্নাকে ‘ডাকাত’ বলে কটাক্ষ করেছেন বিশ্বের শীর্ষ ধনী এলন মাস্ক। নিজের মালিকানাধীন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে মাস্ক এই ব্যক্তিগত আক্রমণের পাশাপাশি রো খান্নার পুরোনো শেয়ার লেনদেনের প্রসঙ্গ নিয়েও তীব্র সমালোচনা করেছেন। সম্প্রতি অনুদান ছাঁটাই নিয়ে মাস্কের অবস্থানের বিরোধিতা করায় এই সংঘাতের সূচনা হয়।
মাস্কের এমন মন্তব্যের পর নীরব থাকেননি রো খান্নাও। তিনি এলন মাস্ককে সরকারি দক্ষতা বিষয়ক বিভাগ বা ‘ডোজ’ (DOGE) ইস্যুতে সরাসরি প্রকাশ্যে বিতর্কের চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন। দুই হাইপ্রোফাইল ব্যক্তির এই বাগযুদ্ধকে কেন্দ্র করে মার্কিন রাজনৈতিক মহলে ব্যাপক শোরগোল শুরু হয়েছে। এখন এলন মাস্ক এই বিতর্কের চ্যালেঞ্জ গ্রহণ করেন কি না, সেদিকেই তাকিয়ে রয়েছে সংশ্লিষ্ট মহল।