সব্যসাচীর ঘনিষ্ঠ নেত্রীর বাড়ি থেকে ৩ কেজি সোনা উদ্ধার, স্বামীসহ পলাতক টিনা!
নদিয়ার তৃণমূল নেত্রী তথা জেলা পরিষদ সদস্য টিনা ভৌমিক সাহার বাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় তিন কেজি সোনার গয়না উদ্ধার করেছেন তদন্তকারীরা। উদ্ধার হওয়া এই সোনার বাজারমূল্য ৪ কোটি ৩৯ লক্ষ টাকার বেশি। সোমবার রাতে তোলাবাজি ও আর্থিক লেনদেনের মামলায় গ্রেফতার হওয়া তৃণমূলের প্রাক্তন বিধায়ক সব্যসাচী দত্তকে সঙ্গে নিয়ে এই বিশেষ অভিযান চালানো হয়। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় ও রাজ্য রাজনীতিতে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
তদন্তকারীদের প্রাথমিক ধারণা, উদ্ধার হওয়া এই বিপুল পরিমাণ সোনা আসলে সব্যসাচী দত্তের, যা অবৈধ উপায়ে অর্জিত অর্থে কেনা হয়েছিল। দীর্ঘদিনের পরিচিতির সুবাদে ওই সোনা টিনা ভৌমিকের বাড়িতে লুকিয়ে রাখা হয়েছিল বলে সন্দেহ করা হচ্ছে। যদিও সব্যসাচী দত্ত এই সোনার মালিকানা অস্বীকার করেছেন। অভিযানের সময় টিনা ভৌমিক ও তাঁর স্বামী বাড়িতে ছিলেন না, বরং অভিযানের আগেই তাঁরা সপরিবারে এলাকা ছেড়েছেন বলে অভিযোগ। বুধবার জিজ্ঞাসাবাদের জন্য ওই দম্পতিকে তলব করেছে পুলিশ। এখন তাঁরা তদন্তে সহযোগিতা করেন কি না, সেটাই দেখার বিষয়।