বিয়েবাড়িতে খাবারের জন্য তুলকালাম কাণ্ড, বরের বাবার ওপর ঝাঁপিয়ে পড়ল ক্ষিপ্ত জনতা!
উত্তরপ্রদেশের কানপুরের বিলহোর এলাকায় গত শনিবার রাতে দুই বোনের যৌথ বিয়ের অনুষ্ঠানে খাবার চুরিকে কেন্দ্র করে বরযাত্রী ও কনেপক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। অনুষ্ঠানে কিছু বরযাত্রী খাবার গোপনে ব্যাগে ভরার চেষ্টা করলে কনেপক্ষ এর প্রতিবাদ জানায়। এই নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় থেকে হাতাহাতি শুরু হয় এবং একপর্যায়ে বিয়ের আসর রণক্ষেত্রে পরিণত হয়। সংঘর্ষের সময় বরের বাবাকে মাটিতে আছাড় মেরে আহত করা হলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।
খবর পেয়ে বিলহোর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশের মধ্যস্থতায় পরে দুই বোনের নিকাহ সম্পন্ন হলেও কনের পরিবার এখন নিরাপত্তা নিয়ে শঙ্কায় রয়েছে। কনের বাবার অভিযোগ, বিবাদে লিপ্ত বরযাত্রীরা তাঁকে ‘চতুর্থী’র অনুষ্ঠানের সময় হামলার হুমকি দিয়েছে। বিষয়টি নিয়ে তিনি পুলিশের শরণাপন্ন হয়েছেন এবং পুলিশ জানিয়েছে, লিখিত অভিযোগ পেলে দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। স্যোশাল মিডিয়ায় ‘তিন তালাক’-এর যে গুঞ্জন ছড়িয়েছিল, তা পুলিশ ও কনের পরিবার ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে।