ভরা বসন্তে বিষাদের ছায়া, জাতপাতের গ্লানি সইতে না পেরে প্রাণ দিলেন ১৯ বছরের নার্সিং ছাত্রী!
অন্ধ্রপ্রদেশের পূর্ব গোদাবরী জেলার কোরুকোন্ডা মণ্ডলে জাতপাতের অপমান ও বিয়ের প্রতিশ্রুতি ভঙ্গের জেরে ১৯ বছর বয়সী এক নার্সিং ছাত্রীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। ইনস্টাগ্রামে পরিচয়ের সূত্রে স্থানীয় এক যুবকের সঙ্গে ওই তরুণীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। যুবকের পরিবারের পক্ষ থেকে জাতপাতের অজুহাত তুলে বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করা হয়। অভিযোগ, গত শুক্রবার গোকাবরম থানায় বিষয়টি নিয়ে আলোচনার সময় ওই তরুণীকে জাতিগতভাবে চরম অপমান করা হয় এবং আইনি জটিলতার দোহাই দিয়ে বিয়ের প্রতিশ্রুতি ভঙ্গ করা হয়।
এই ঘটনার পর ভেঙে পড়া ওই তরুণী শনিবার সকালে দিদিমার বাড়িতে সিলিং ফ্যানে ঝুলে আত্মহত্যা করেন। মৃতার মায়ের অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্ত যুবক ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে এসসি-এসটি নির্যাতন বিরোধী আইনসহ বিভিন্ন ধারায় মামলা দায়ের করেছে। বর্তমানে পুলিশ ঘটনাটির বিস্তারিত তদন্ত করছে। অভাবের সংসারে বড় হয়ে নার্সিং পড়ে পরিবারের হাল ধরার স্বপ্ন দেখা ওই তরুণীর এমন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।