জন্মদিনের আড়ালে ব্ল্যাকমেইল ফাঁদ, আপত্তিকর ভিডিও বানিয়ে শ্রীঘরে নারী!
বিলাসপুরের পচপেড়ি এলাকায় জন্মদিনের দাওয়াতে ডেকে প্রেমিক যুগলের অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল করার অভিযোগে রোশনি খুন্টে নামে এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্ত নারী কৌশলে ওই গাড়িচালক ও তার প্রেমিকাকে নিজের বাড়িতে নিমন্ত্রণ জানিয়ে গোপনে তাদের ভিডিও ধারণ করেন এবং তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে এক লাখ টাকা দাবি করেন। ভুক্তভোগী যুবক মানসিকভাবে বিপর্যস্ত হয়ে শেষ পর্যন্ত পুলিশের দ্বারস্থ হলে বিষয়টি প্রকাশ্যে আসে।
ঘটনার বিবরণে জানা যায়, ছেলে জন্মদিনের অছিলায় অভিযুক্ত নারী ওই যুগলকে তার বাড়িতে ডেকে নিয়ে কৌশলে একটি ঘরে একান্তে সময় কাটানোর সুযোগ করে দেন। কিন্তু পূর্বপরিকল্পনা অনুযায়ী তিনি আগেই জানালা দিয়ে গোপনে ওই ভিডিও ধারণ করেছিলেন। যুবকটি বাড়ি ফেরার পর তার ফোনে আপত্তিকর ছবি পাঠিয়ে টাকা দাবি করা শুরু করেন অভিযুক্ত। এই অভিযোগের ভিত্তিতে পচপেড়ি থানা পুলিশ দ্রুত তদন্ত শুরু করে এবং ভারতীয় ন্যায় সংহিতার (BNS) ৩০৮(২) ধারায় মামলা দায়ের করে। পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে এবং অপরাধে ব্যবহৃত ডিজিটাল প্রমাণ জব্দ করার প্রক্রিয়া চালাচ্ছে।