বিদেশি মদেও এবার সরকারি ছাড়পত্র, বড়সড় বদলের পথে রাজ্যের মদের বাজার!
মদের বাজারে বড় ধরনের পরিবর্তনের পথে হাঁটছে তামিলনাড়ু সরকার। রাজ্যের সরকারি মদের দোকানগুলোতে স্থানীয় ডিস্টিলারিগুলোর একচেটিয়া আধিপত্য কমিয়ে এবার বিদেশি ও দামি ব্র্যান্ডের মদ বিক্রির সিদ্ধান্ত নিয়েছে রাজ্য প্রশাসন। এতদিন সরকারি দোকানে কেবল স্থানীয় স্পিরিট পাওয়া গেলেও, এখন এই সীমাবদ্ধতা দূর করে ক্রেতাদের পছন্দের পরিসর বাড়ানো হচ্ছে।
বর্তমানে বিদেশি মদের অভাবে রাজ্যের ক্রেতারা পাব কিংবা প্রতিবেশী রাজ্য বেঙ্গালুরু ও পুদুচেরির ওপর নির্ভরশীল, যার ফলে তামিলনাড়ু সরকার বিপুল পরিমাণ আবগারি রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। এই ধারা পরিবর্তন করে রাজস্ব আয় বৃদ্ধি ও গ্রাহক ধরে রাখতে তামিলনাড়ু স্টেট মার্কেটিং কর্পোরেশন (TASMAC) পরিচালিত দোকানগুলোর আধুনিকীকরণের উদ্যোগ নেওয়া হয়েছে। একইসঙ্গে মদ বিতরণ ব্যবস্থায় স্বচ্ছতা আনতে এবং আইনের প্রয়োগ নিশ্চিত করতে দোকানগুলোতে কঠোর নজরদারি ও পরিকাঠামোগত সংস্কারের পরিকল্পনা নেওয়া হয়েছে।