লাইনে হাঁটছেন মহিলা আর দুই দিক থেকে ধেয়ে আসছে ট্রেন, দেখুন হাড়হিম করা ভিডিও!
কলকাতা মেট্রোর মাস্টারদা সূর্য সেন স্টেশনে প্ল্যাটফর্ম বদল করতে লাইনে নেমে পড়ার এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। প্ল্যাটফর্ম পরিবর্তনের জন্য এক নারী যাত্রী রেললাইনের মাঝখান দিয়ে হেঁটে অন্য প্রান্তে যাওয়ার চেষ্টা করলে পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ হয়ে ওঠে। ঠিক সেই মুহূর্তে দুই দিক থেকে মেট্রো দ্রুতগতিতে ছুটে আসতে দেখলে স্টেশনে উপস্থিত যাত্রীরা আতঙ্কিত হয়ে চিৎকার শুরু করেন এবং হাত নেড়ে চালককে সতর্ক করার চেষ্টা করেন। শেষ পর্যন্ত যাত্রীদের তৎপরতায় মেট্রোটি থেমে যাওয়ায় প্রাণে বেঁচে যান ওই নারী। বর্তমানে এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
মেট্রো রেল কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, সাধারণ রেললাইনের তুলনায় মেট্রোর লাইন অত্যন্ত বিপজ্জনক। বিশেষ করে ট্র্যাকে থাকা ‘থার্ড লাইন’ অতি শক্তিশালী বিদ্যুৎ পরিবাহী, যা স্পর্শ করলে মুহূর্তের মধ্যে মৃত্যু ঘটতে পারে। যাত্রীদের এমন ঝুঁকিপূর্ণ কাজ থেকে বিরত থাকার নির্দেশ দিয়ে কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, নিয়ম ভেঙে লাইন পারাপার করলে কঠোর আইনি পদক্ষেপের পাশাপাশি মোটা অঙ্কের জরিমানা করা হবে। ক্ষণিকের অসাবধানতা যে প্রাণহানির কারণ হতে পারে, তা নিয়ে যাত্রীদের বিশেষ সতর্ক থাকতে বলা হয়েছে।