ভোটের আগে রণকৌশল! কলকাতায় ৫ কেন্দ্রীয় বাহিনীর প্রধানের মেগা বৈঠক, টার্গেট শান্তিপূর্ণ নির্বাচন
পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণকে সামনে রেখে নিরাপত্তা ব্যবস্থা সুনিশ্চিত করতে কলকাতায় এক উচ্চপর্যায়ের বৈঠক করলেন কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর (CAPF) প্রধানরা। নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অবাধ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণের প্রতিশ্রুতি রক্ষায় রাজ্যে রেকর্ড সংখ্যক বাহিনী মোতায়েন করা হয়েছে। সেই প্রস্তুতির চূড়ান্ত রূপরেখা নির্ধারণ করতে সিআরপিএফ, বিএসএফ, সিআইএসএফ, এসএসবি এবং আইটিবিপি-র ডিরেক্টর জেনারেলরা সল্টলেকের সিআরপিএফ সেন্টারে এক যৌথ সভায় মিলিত হন।
বৈঠকে স্পর্শকাতর এলাকাগুলোতে কুইক রেসপন্স টিম (QRT) মোতায়েন ও অ্যান্টি-সাবোটাজ চেকের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে। উপস্থিত আধিকারিকরা ‘ইন্টিগ্রেটেড সিকিউরিটি গ্রিড’ তৈরির পরিকল্পনা গ্রহণ করেছেন, যার মাধ্যমে প্রযুক্তি ব্যবহার করে অপ্রীতিকর পরিস্থিতি দ্রুত মোকাবিলা করা সম্ভব হবে। সিআইএসএফ প্রধান প্রবীর রঞ্জনসহ বাহিনীর শীর্ষকর্তারা সমস্ত জওয়ানকে ‘ওয়ান ইলেকশন ফোর্স’ হিসেবে শৃঙ্খলাবদ্ধভাবে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন। আগামী ২৩ এপ্রিল রাজ্যের ১৫২টি কেন্দ্রে প্রথম দফার ভোটগ্রহণের সময় বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাদের সরাসরি মাঠে থেকে নেতৃত্ব দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।