পথ দুর্ঘটনার মৃত্যু কমবে অর্ধেক, অভাবনীয় দিশা দেখাল খড়গপুর আইআইটি!
সারা দেশে পুলিশ ও প্রশাসনের সচেতনতামূলক প্রচার সত্ত্বেও পথদুর্ঘটনা ও মৃত্যুহার কমছে না। সরকারি তথ্য অনুযায়ী, ২০২৪ সালেই ভারতজুড়ে সড়ক দুর্ঘটনায় ১ লক্ষ ৮০ হাজার মানুষের মৃত্যু হয়েছে। এই পরিস্থিতি মোকাবিলায় ও ২০৩০ সালের মধ্যে পথদুর্ঘটনায় মৃত্যুর হার ৫০ শতাংশ কমিয়ে আনার লক্ষ্যে খড়গপুর আইআইটির নিউটাউন ক্যাম্পাস ‘প্রমাণভিত্তিক নীতির মাধ্যমে সড়ক নিরাপত্তা উন্নয়ন’ শীর্ষক একটি গবেষণা শুরু করেছে। সম্প্রতি আইআইটি খড়গপুরের এই ক্যাম্পাসে আয়োজিত এক উচ্চপর্যায়ের বৈঠকে আইন প্রয়োগকারী সংস্থা, নীতিনির্ধারক, গবেষক এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধিরা যৌথভাবে কার্যকর রূপরেখা নিয়ে আলোচনা করেছেন।
আইআইটি খড়গপুরের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. ভার্গব মৈত্র জানিয়েছেন, দেশের মোট সড়ক দুর্ঘটনার ৬২ শতাংশই ঘটে অতিরিক্ত গতির কারণে। তাই দুর্ঘটনা রোধে গতি নিয়ন্ত্রণকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। একইসঙ্গে নিরাপদ নগর করিডর তৈরি, প্রযুক্তি ব্যবহার করে আইন প্রয়োগ, সিট বেল্টের ব্যবহার এবং শিশু নিরাপত্তার মতো বিষয়গুলোতে বিশেষ জোর দেওয়া প্রয়োজন। বিশেষজ্ঞদের মতে, বিভিন্ন প্রতিষ্ঠানের সমন্বিত প্রচেষ্টা এবং বিজ্ঞানসম্মত পদ্ধতি প্রয়োগের মাধ্যমে সড়ক দুর্ঘটনার এই ভয়াবহতা অনেকাংশে কমিয়ে আনা সম্ভব।