ইরানের গোলাবর্ষণ: জাহাজ বাঁচাতে ১২,৯৮০ কোটির বড় চমক ভারতের!
হোরমুজ প্রণালীতে উত্তেজনা এবং ভারতীয় জাহাজের ওপর ইরানি বাহিনীর বাধার প্রেক্ষাপটে সমুদ্রপথে পণ্য পরিবহন নিরাপদ রাখতে ১২,৯৮০ কোটি টাকার একটি বিশেষ বীমা সুরক্ষা তহবিলের অনুমোদন দিয়েছে ভারত সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে অনুষ্ঠিত ক্যাবিনেট বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মধ্যপ্রাচ্যে ইরান ও আমেরিকার মধ্যকার ক্রমবর্ধমান উত্তেজনার জেরে আন্তর্জাতিক বাজারে বীমার প্রিমিয়াম বেড়ে যাওয়ায় ভারতের জ্বালানি আমদানির ওপর যে নেতিবাচক প্রভাব সৃষ্টির আশঙ্কা তৈরি হয়েছিল, তা মোকাবিলা করতেই এই জরুরি পদক্ষেপ নেওয়া হলো।
‘ভারত ম্যারেটাইম ইন্স্যুরেন্স পুল’ (BMI Pool) নামক এই প্রকল্পের আওতায় ভারতীয় পতাকাবাহী জাহাজগুলোকে সাশ্রয়ী মূল্যে বীমা সুবিধা প্রদান করা হবে। এর ফলে বিদেশি বীমা সংস্থাগুলোর ওপর নির্ভরতা কমিয়ে ভারত নিজস্ব অর্থনৈতিক সুরক্ষা বলয় তৈরি করতে পারবে। এই সিদ্ধান্তের ফলে যুদ্ধের মতো অস্থিতিশীল পরিস্থিতিতেও ভারতীয় বন্দরগুলোতে পণ্য ও তেল সরবরাহ স্বাভাবিক রাখা সম্ভব হবে, যা দেশের জ্বালানি নিরাপত্তা ও বাণিজ্যিক স্বার্থ রক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।